ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, প্রাণহানি, শব্দদূষণ ও জনদুর্ভোগ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে জনসমক্ষে খেলা প্রদর্শন ও উদযাপনের সময় আতশবাজি এবং লাউডস্পিকারের ব্যবহার নিয়ন্ত্রণে একটি নীতিমালা প্রণয়নের নির্দেশনাও চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম হাইকোর্টে এ রিট দায়ের করেন। রিটে রাত ১১টার পর উচ্চ শব্দে আতশবাজি ও লাউডস্পিকারের ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটকারী আইনজীবী জানান, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপকে কেন্দ্র করে দেশে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গভীর রাতে উচ্চ শব্দে আতশবাজি ফোটানো ও উৎসব উদযাপনের কারণে শিশু, বয়স্ক এবং সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে।
আবেদনের সঙ্গে সংযুক্ত এক সংবাদ প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিশ্বকাপ ফুটবল ঘিরে সমর্থকদের বিরোধ বিভিন্ন এলাকায় সংঘর্ষে রূপ নিয়েছে। এতে অন্তত ১০ জন নিহত এবং ৪৫ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, যেসব স্থানে বড় পর্দায় বিশ্বকাপের খেলা প্রদর্শন করা হবে, সেসব স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে।

