অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে আইন কর্মকর্তা নিয়োগ নিয়ে নতুন করে অসন্তোষ দেখা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নিয়োগ পাওয়া আওয়ামী লীগ ও জামায়াতপন্থি বলে অভিযুক্ত অনেক আইন কর্মকর্তা এখনো বহাল থাকলেও বর্তমান সরকারের আমলে বিএনপিপন্থি অনেক আইনজীবী নিয়োগ না পাওয়ায় তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য প্রায় সাড়ে তিনশ আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে আওয়ামী লীগ ও জামায়াতপন্থি হিসেবে পরিচিত কয়েকজন আইনজীবীও ছিলেন। বর্তমান সরকারের সময়েও তাদের অধিকাংশই দায়িত্বে বহাল রয়েছেন।
তথ্য অনুসন্ধানে জানা যায়, বর্তমানে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুই শতাধিক আইন কর্মকর্তা বিএনপির সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত। সম্প্রতি জামায়াতপন্থি সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) একযোগে পদত্যাগ করেন। তবে আওয়ামী লীগ ও জামায়াতপন্থি বলে অভিযুক্ত আরও অনেক আইন কর্মকর্তা এখনো দায়িত্বে রয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
সংশ্লিষ্টদের দাবি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা পদে নিয়োগের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই করা হয়নি। ফলে এমন অনেক ব্যক্তিও নিয়োগ পেয়েছেন, যারা আইন পেশায় নিয়মিত নন এবং সুপ্রিম কোর্টে তাদের কার্যক্রমও তেমন ছিল না। প্রভাবশালী ব্যক্তিদের সুপারিশে অন্তর্বর্তী সরকারের সময়ে এসব নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।
সুপ্রিম কোর্টের এক জ্যেষ্ঠ আইনজীবী বলেন, সাধারণত রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে সরকার-সমর্থক ও আস্থাভাজন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়। কারণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে সরকারের অবস্থান বোঝা এবং তা যথাযথভাবে আদালতে উপস্থাপন করা এসব কর্মকর্তার দায়িত্ব। এ ধরনের পদে তথ্য ফাঁসের ঝুঁকিও বিবেচনায় রাখতে হয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় ও ইউনিট পর্যায়ের নেতারা অভিযোগ করেন, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এখনো ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে অভিযুক্ত ব্যক্তিরা দায়িত্ব পালন করছেন। গণঅভ্যুত্থানের পরও তারা কীভাবে দায়িত্বে বহাল রয়েছেন, সে প্রশ্ন তুলে তারা বিষয়টি তদন্তের দাবি জানান।
তাদের দাবি, আইন মন্ত্রণালয় এ বিষয়ে দায় এড়াতে পারে না। দ্রুত এসব কর্মকর্তাকে অপসারণ করা না হলে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

