নারী মরদেহের ময়নাতদন্তে দেশের সব পোস্টমর্টেম হাসপাতালে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার (১৯ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. মনির উদ্দিন।
এর আগে জনস্বার্থে এ রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। রিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
রিট আবেদনে বলা হয়, বাংলাদেশের সব ধর্মেই মৃত নারীর মর্যাদা ও গোপনীয়তা রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ। ময়নাতদন্ত একটি আইনি প্রক্রিয়া হলেও নারী মরদেহের ক্ষেত্রে নারী ডোম নিয়োগ করা হলে ধর্মীয় অনুভূতি, মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা আরও ভালোভাবে নিশ্চিত করা সম্ভব হবে।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অতীতে দেশের বিভিন্ন মর্গে নারী মরদেহের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ও বিকৃত যৌনাচারের অভিযোগ উঠে এসেছে। ২০২৫ সালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ এবং ২০২০ সালে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এ ধরনের ঘটনায় ডোম গ্রেপ্তারের ঘটনাও গণমাধ্যমে প্রকাশিত হয়। এছাড়া বিদেশেও একই ধরনের ঘটনার নজির রয়েছে।
রিটকারী বলেন, বর্তমানে নারীরা প্রায় সব পেশায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাই পোস্টমর্টেম কার্যক্রমেও নারী ডোম নিয়োগ সময়োপযোগী এবং মানবাধিকারসম্মত উদ্যোগ হবে। এতে মৃত নারীর মর্যাদা ও পরিবারের মানসিক স্বস্তিও নিশ্চিত করা সম্ভব হবে।
এর আগে একই দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় জনস্বার্থে হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। শুনানি শেষে আদালত এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

