সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী ওরফে এস কে সুরকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ রায় ঘোষণা করেন। দুদকের প্রসিকিউটর আবুল কালাম আজাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য ২৮ জুলাই দিন ধার্য করেছিলেন।
রায় ঘোষণার দিন কারাগার থেকে এস কে সুরকে আদালতে হাজির করা হয়। পরে আদালতের আদেশে সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, এস কে সুরের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ওঠার পর তার নিজের এবং তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও সম্পদ অর্জনের বিস্তারিত তথ্য জমা দিতে নোটিশ দেয় দুদক। নোটিশ পাওয়ার পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদের হিসাব বিবরণী জমা দেননি।
এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন। পরবর্তীতে ২০২৫ সালের ৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. আহসান উদ্দিন আদালতে অভিযোগপত্র জমা দেন।
২০২৫ সালের ৬ নভেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার চলাকালে আদালত মামলার সাতজন সাক্ষীর সবার সাক্ষ্য গ্রহণ করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

