দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টে ব্যবহৃত মাইক্রোপ্লাস্টিক মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য নিরাপদ কি না, তা যাচাইয়ে তিন সদস্যের বিশেষজ্ঞ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কমিটিকে ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি মো. জিয়াউল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। স্বাস্থ্যসচিব ও বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালককে এ নির্দেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে দেশের বাজারে প্রচলিত কয়েকটি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুল্লাহ আল মামুন রিট আবেদন করেন।
আদালতের নির্দেশ অনুযায়ী, বিএসটিআই, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর বিশেষজ্ঞদের নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করতে হবে।
রিটকারী আইনজীবী জানান, তদন্ত কমিটি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির মাত্রা, মানবস্বাস্থ্যের জন্য এর সম্ভাব্য ঝুঁকি, পরিবেশগত প্রভাব এবং গ্রহণযোগ্য সীমা রয়েছে কি না—এসব বিষয় পর্যালোচনা করবে। আগামী ২৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
এদিকে আদালত একটি রুলও জারি করেছেন। রুলে জানতে চাওয়া হয়েছে, টুথপেস্টের ক্ষেত্রে জাতীয় মানদণ্ড ও নির্ধারিত নিরাপত্তা শর্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না।
পরিবেশসচিব, স্বাস্থ্যসচিব, শিল্পসচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং বিএসটিআইয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

