সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি মো. হাবিবুল গনি। আজ রোববার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান।
এই শপথ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
উল্লেখ্য, এর কিছুদিন আগে গত ২৭ আগস্ট বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। এ সংক্রান্ত প্রজ্ঞাপনে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে দেওয়া ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের কর্মরত বিচারক হাবিবুল গনিকে শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকরভাবে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তাঁর এই শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে কর্মরত বিচারপতির মোট সংখ্যা দাঁড়াল পাঁচ জনে।

