দেশজুড়ে মাদ্রাসাগুলোতে শিশুদের প্রতি চলমান যৌন নির্যাতন ও নিষ্ঠুর আচরণ প্রতিরোধে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। সোমবার তিনি স্বরাষ্ট্র, শিক্ষা, আইন ও ধর্ম মন্ত্রণালয়ের সচিবদের কাছে এই নোটিশ পাঠান বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নোটিশে বলা হয়েছে, নির্ধারিত পাঁচ দিনের মধ্যে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে উচ্চ আদালতে রিট আবেদন করা হবে।
নোটিশে দাবি করা হয়েছে, আলিয়া, কওমি ও হিফজসহ দেশের সব ধরনের মাদ্রাসার জন্য অভিন্নভাবে প্রযোজ্য একটি জাতীয় পর্যায়ের শিশু সুরক্ষা সেল অবিলম্বে গঠন ও কার্যকর করা প্রয়োজন। এর পাশাপাশি প্রতিটি মাদ্রাসা ও আবাসিক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা শিশু সুরক্ষা কমিটি গঠনের দাবি জানানো হয়েছে, যা উচ্চ আদালতের পূর্ববর্তী একটি সংশ্লিষ্ন রায়ের আদলে অভিযোগ গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
শিশু আইনের অধীনে গঠিত জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শিশুকল্যাণ বোর্ডগুলোকে নিজ নিজ এলাকার প্রতিটি মাদ্রাসার শিশু সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে তার ফলাফল প্রকাশ করার আহ্বানও জানানো হয়েছে নোটিশে।
এ ছাড়া নোটিশে প্রতিষ্ঠানের প্রবেশপথ, করিডোর, শ্রেণিকক্ষ এবং সাধারণ আবাসিক এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে, যাতে প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা যায়। তবে একই সঙ্গে স্পষ্ট করা হয়েছে, বাথরুম ও টয়লেটের মতো ব্যক্তিগত স্থানে কোনো ক্যামেরা বসানো যাবে না, যাতে শিশুদের ব্যক্তিগত গোপনীয়তা অক্ষুণ্ন থাকে।

