দেশের অধস্তন আদালতের ৯৯ বিচারককে একযোগে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ, ২৫ জন যুগ্ম জেলা জজ, দুজন সিনিয়র সিভিল জজ এবং দুজন সিভিল জজ রয়েছেন।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ বিষয়ে পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনগুলোতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজসহ বিভিন্ন পর্যায়ের বিচারকদের বদলির আদেশ দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করেই এসব বদলি করা হয়েছে।
বদলি হওয়া বিচারকদের আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব নির্ধারিত কর্মকর্তার কাছে বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
তবে কোনো বিচারক প্রশিক্ষণ বা ছুটিতে থাকলে প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর তাঁকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

