সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের নামে থাকা ৩৪ শতাংশ জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতি, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা চলছে।
এ ছাড়া তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগও তদন্তাধীন রয়েছে।
মামলার তদন্তে তার নামে দেশে ও বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক।
এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করা হচ্ছে বলে তথ্য পাওয়ার পর সম্পদগুলো ক্রোক করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করেছে সংস্থাটি।
আদালত যে জমি ক্রোকের আদেশ দিয়েছেন, সেটি বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন মৌজায় অবস্থিত।
দলিল অনুযায়ী, ৩৪ শতাংশ জমিটির মূল্য ১৭ লাখ ৬৪ হাজার টাকা।
দুদকের আবেদনে বলা হয়, মামলার তদন্ত শেষ হওয়ার আগে জমিটি হস্তান্তর বা স্থানান্তর করা হলে পরে তা উদ্ধার করা কঠিন হতে পারে।
এই কারণে জমিটি জরুরি ভিত্তিতে ক্রোকের আবেদন করে দুদক। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত জমিটি ক্রোকের আদেশ দেন।

