রাজধানীর গুলশানে ২৭ কাঠার সরকারি প্লট দখল ও জালিয়াতির অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ আসামির সাক্ষ্যগ্রহণ আজ হতে পারে।
ঢাকার বিশেষ জজ আদালত ৯ এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে।
এর আগে গত ১৯ আগস্ট সাক্ষ্যগ্রহণের তারিখ থাকলেও কোনো সাক্ষী আদালতে হাজির হননি। ফলে সেদিন সাক্ষ্যগ্রহণ হয়নি। পরে আদালত ২১ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।
জুলাইয়ে অভিযোগ গঠন
গত ৬ জুলাই একই আদালত সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এর মাধ্যমে মামলাটির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
এরপর প্রথমবারের মতো সাক্ষ্যগ্রহণের জন্য ১৯ আগস্ট দিন ঠিক করেছিলেন আদালত। তবে সেদিন কোনো সাক্ষী না আসায় প্রক্রিয়াটি পিছিয়ে যায়।
সরকারি জমি দখলের অভিযোগ
মামলার নথি অনুযায়ী, গুলশান আবাসিক এলাকার সিইএন ডি ২৭ নম্বরের ২৭ কাঠার একটি পরিত্যক্ত সরকারি প্লট দখলের সুযোগ তৈরি করতে আসামিরা জাল কাগজপত্র ও ভুয়া রেকর্ড ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে।
পরে জমিটি হস্তান্তরের অনুমতি এবং নামজারির মাধ্যমে সরকারি সম্পত্তি আত্মসাতের চেষ্টা করা হয় বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
দুদকের মামলায় ১৩ আসামি
দুর্নীতি দমন কমিশন ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা করে। তদন্ত শেষে সালাম মুর্শেদীকে আসামি হিসেবে যুক্ত করে মোট ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম, প্রকৌশলী এম. আজিজুল হক, রাজউকের সাবেক উপপরিচালক মো. আজহারুল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান।
এ ছাড়া মীর মোহাম্মদ হাসান ও মীর মো. নুরুল আফছারসহ আরও কয়েকজন আসামি রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১ অক্টোবর গ্রেপ্তারের পর থেকে সালাম মুর্শেদী কারাগারে রয়েছেন।

