ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বেলায়েত হোসেন পদত্যাগ করেছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন।
এর আগে ৯ সেপ্টেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা পদত্যাগ করেন। তার দুই দিন আগে ৭ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেন পাঁচ আইন কর্মকর্তা।
তাঁরা হলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা।
সম্প্রতি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিমও পদত্যাগ করেন। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর তিনি আইনমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন।
এর আগে গত জুনে সরকারের কয়েকটি সিদ্ধান্তের প্রতিবাদে জামায়াত-সমর্থিত সাত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
তৎকালীন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম জানিয়েছিলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা এবং সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগসংক্রান্ত দুটি অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তাঁরা পদত্যাগ করেছিলেন।

