হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী এবার স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা এতে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে দেবাশীষ রায় চৌধুরীকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের দিন থেকে এ নিয়োগ কার্যকর হবে।
এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পান।
দেবাশীষ রায় চৌধুরী ব্রিটেন থেকে আইন বিষয়ে ডিগ্রি অর্জন করেন। ২০০৫ সালে জেলা আদালতের আইনজীবী হিসেবে তার আইন পেশায় যাত্রা শুরু হয়। পরে ২০০৭ সালে হাইকোর্ট এবং ২০১৮ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

