এসপির বক্তব্যে আইনজীবী সমিতির ক্ষোভ
ডাকাতির একটি ঘটনায় আইনজীবীদের নিয়ে কক্সবাজারের পুলিশ সুপারের বক্তব্যে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জেলা আইনজীবী সমিতি।
সোমবার ২১ সেপ্টেম্বর সমিতির কার্যকরী পরিষদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
আইনজীবীদের নিয়ে আপত্তিকর বক্তব্যের অভিযোগ
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার আইনজীবীদের প্রতিপক্ষ হিসেবে তুলে ধরে আপত্তিকর বক্তব্য দিয়েছেন। দায়িত্বশীল একটি পদে থেকে এমন বক্তব্য দেওয়ায় সমিতি উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে।
সমিতির দাবি, দেশের যেকোনো নাগরিক আইনি সহায়তা নেওয়ার জন্য আইনজীবীর কাছে যাওয়ার অধিকার রাখেন।
ডাকাতির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তির কাছে আইনজীবীর নাম থাকার বিষয়টি নিয়ে পুলিশ সুপারের বক্তব্যকে আইনজীবী সমাজের জন্য অবমাননাকর বলে মনে করছে সমিতি।
জেলা জজকে জানাবে বার
পুলিশ সুপারের বক্তব্যের বিষয়টি জেলা জজকে জানানোর সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ।
একই সঙ্গে বক্তব্যের প্রেক্ষাপট এবং সংশ্লিষ্ট তথ্য জানতে পুলিশ সুপারের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সমিতি জানিয়েছে, বিষয়টির যথাযথ সমাধান না হলে আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর মন্তব্য থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি।

