নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক রবিউল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন। রবিউল অবশ্য নিজেকে নির্দোষ দাবি করেছেন।
এর আগে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় রবিউল সাংবাদিকদের বলেন, তিনি ব্যবসার কাজে অনেকবার বাংলাদেশে এসেছেন। দেশে তার আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব রয়েছেন।
রবিউল আরও দাবি করেন, তার কাছ থেকে কোনো কিছু পাওয়া যায়নি। তাকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট কি না, সে বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল বলেও জানান তিনি। তবে তিনি এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার টিমের উপপরিদর্শক বিনয় কুমার রায় রবিউলের সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার এলাকায় রবিউলকে আটক করা হয়। তিনি ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছিলেন। তার চলাফেরা সন্দেহজনক বলে তদন্ত কর্মকর্তার দাবি।
আবেদনে আরও বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় রবিউল পাসপোর্ট দেখিয়ে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেন। পরে তার ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়। এসব নথিতে জন্মতারিখের মধ্যে অসামঞ্জস্য পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
তদন্ত কর্মকর্তার দাবি, রবিউল এর আগে একাধিকবার বাংলাদেশে এলেও প্রতিবার আসার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেননি। জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়েছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
পুলিশের ধারণা, রবিউল কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন। সাম্প্রতিক সময়ে ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে বলা হয়।
তবে আদালত সাত দিনের পরিবর্তে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

