জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম। একই সঙ্গে তিনি আদালতের কাছে ন্যায়বিচার চেয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে আত্মপক্ষ সমর্থনের সময় তিনি এ দাবি করেন।
এদিন আদালতে সিয়ামের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। পরে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং ন্যায়বিচার চান।
সিয়ামের আত্মপক্ষ শুনানি শেষ হয়েছে। আগামী সোমবার মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করেছেন আদালত। বিষয়টি জানিয়েছেন দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় দুদকের ১১ জন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য দিয়েছেন।
গত ১৭ জুন সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ জানুয়ারি দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন সিয়ামের বিরুদ্ধে মামলা করেন।
মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।
তদন্তে সিয়ামের বৈধ আয়ের সঙ্গে মিল নেই এমন ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

