একাধিক ফৌজদারি মামলায় কোনো ব্যক্তি আলাদাভাবে দণ্ডিত হলে সব মামলার সাজা একসঙ্গে কার্যকর হবে না। আদালতের রায়ে স্পষ্টভাবে একসঙ্গে সাজা ভোগের নির্দেশ না থাকলে একটি মামলার সাজা শেষ হওয়ার পর পরবর্তী মামলার সাজা কার্যকর হবে। এমনটাই জানিয়েছেন হাইকোর্ট।
চেক ডিজঅনারের ছয়টি পৃথক মামলায় দণ্ডিত এক ব্যক্তিকে কারাগারে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রুল খারিজ করে এই সিদ্ধান্ত দেন হাইকোর্ট।
বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০২৫ সালের ২৭ আগস্ট এ রায় দেন। সম্প্রতি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।
‘মো. নাসির উদ্দিন বনাম রাষ্ট্র’ মামলার রায়ে আদালত বলেন, পৃথক মামলায় সাজা দেওয়ার সময় সংশ্লিষ্ট আদালত যদি স্পষ্টভাবে উল্লেখ না করেন যে সাজাগুলো একই সঙ্গে চলবে, তাহলে সেগুলো ধারাবাহিকভাবে কার্যকর হবে। অর্থাৎ, একটি মামলার সাজা শেষ হওয়ার পর অন্য মামলার সাজা শুরু হবে।
রায়ে দণ্ডিত ব্যক্তিকে দুই মাসের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেওয়া হয়েছে। এই মামলায় রিটের পক্ষে ছিলেন আইনজীবী মো. শাহ আলম। বিবাদীদের পক্ষে ছিলেন আইনজীবী মো. সমীর সাত্তার ও মুহাম্মদ আলী আক্কাস চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ।
হাইকোর্টের মূল রায়টি লিখেছেন বিচারপতি শেখ তাহসিন আলী।

