আদালতের নির্ধারিত কর্মঘণ্টার সর্বোচ্চ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতেও নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগে কর্মরত জুডিসিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক অভিভাষণে তিনি এসব নির্দেশনা দেন।
অনুষ্ঠানে সিলেট বিভাগের চার জেলা সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জে কর্মরত জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা অংশ নেন।
প্রধান বিচারপতি বিভাগীয় শহরগুলোতে ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন। এ জন্য প্রতিটি বিভাগে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক ট্রাইব্যুনাল ভবন নির্মাণের ওপর গুরুত্ব দেন তিনি।
সাক্ষ্য গ্রহণ, আসামি হাজিরকরণসহ বিচারিক কাজের উপযুক্ত ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
আইন ও বিচারিক মানদণ্ড যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্ব দেন প্রধান বিচারপতি। তিনি বলেন, বিচারপ্রার্থীদের দ্রুত ও সুসংহত ন্যায়বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের প্রধান লক্ষ্য।
এই লক্ষ্য অর্জনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সিলেট বিভাগের বিচারকদের নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টসের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. আতাবুল্লাহ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিচারিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন পর্যায়ের বিচারিক কর্মকর্তারা তাদের বিচারিক অভিজ্ঞতা ও পেশাগত প্রত্যাশার কথা তুলে ধরেন। অধস্তন আদালতের বিচারকার্য পরিচালনার বিভিন্ন দিক নিয়েও তারা কথা বলেন।
সিলেট বিভাগের চার জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র জেলা ও দায়রা জজরা বক্তব্য দেন।
বক্তারা বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর বিচারসেবা দেওয়ার বিষয়ে মতামত তুলে ধরেন। মামলা দ্রুত নিষ্পত্তি, বিচারিক দক্ষতা বৃদ্ধি এবং বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা আরও শক্তিশালী করার বিষয়েও তারা কথা বলেন।

