বিদ্যমান ও নতুন ধরনের আন্তঃদেশীয় অপরাধ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, জাতীয় উদ্যোগের পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যে তথ্য বিনিময় ও সমন্বিত পদক্ষেপ জরুরি।
আইনের শাসন শক্তিশালী করা, মানুষের ন্যায়বিচারে প্রবেশাধিকার বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করার অঙ্গীকারও তুলে ধরেন তিনি।
রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে বক্তব্য দেন আইনমন্ত্রী।
২৬ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে এই কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আইনমন্ত্রী।
বক্তব্যে মো. আসাদুজ্জামান বাংলাদেশের চলমান বিচারিক সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, আন্তঃদেশীয় অপরাধের ধরন ও পরিধি দ্রুত বদলাচ্ছে।
এসব অপরাধ মোকাবিলায় শক্তিশালী জাতীয় উদ্যোগের পাশাপাশি দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। তথ্য বিনিময় ও সমন্বিত পদক্ষেপও জোরদার করতে হবে।
আইনমন্ত্রী বলেন, আবুধাবি ঘোষণার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি সংস্কারের অঙ্গীকার করেছে।
এর মাধ্যমে সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার ব্যবহার বাড়ানো, মামলার দ্রুত নিষ্পত্তি এবং মামলাজট কমানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে জনগণের জন্য সময়মতো ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর ইউএনওডিসি পাঁচ বছর পরপর এই কংগ্রেস আয়োজন করে। এতে বিভিন্ন দেশের নীতিনির্ধারক, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নেন।
বাংলাদেশের প্রতিনিধিদলে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ছাড়াও আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন।

