সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ এর খসড়ায় সাংবাদিক ও মিডিয়া কর্মীদের গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ।
সোমবার দুপুরে সচিবালয়ে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এর সংশোধনী নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সাইবার আইনের অপব্যবহারের সুযোগ আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনপ্রণেতারা আইন প্রয়োগ করেন না। তবে আইন প্রয়োগকারীরা মাঝে মাঝে এর অপব্যবহার করতে পারেন।
তিনি বলেন, বিশেষ করে গণমাধ্যমের জন্য কী ধরনের সুরক্ষা দরকার, সে বিষয়ে সাংবাদিকদের পরামর্শ দিতে হবে। তবে দেশের জন্য এই আইনের প্রয়োজনীয়তা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাংবাদিকদের পক্ষ থেকে অভিযোগের ক্ষেত্রে গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব করা হলে তিনি সেটিকে সমর্থন করেন বলে জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিকদের লক্ষ্য করে এই আইন করা হচ্ছে না। কোনো সাংবাদিক যাতে আইনের অপব্যবহারের শিকার না হন, সেটিও সরকার চায় না।
তিনি আরও বলেন, সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের কোনো সাংবাদিক যাতে অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব করা হয়েছে। সভায় প্রস্তাবটি উপযুক্ত মনে হয়েছে।

