প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের জীবন সহজ হয়েছে। একই সঙ্গে অনলাইনে বেড়েছে হয়রানি, প্রতারণা ও নিপীড়নের ঝুঁকিও। বিশেষ করে নারী ও শিশুরা সাইবার সহিংসতার বড় লক্ষ্য হয়ে উঠছে।
অন্তরঙ্গ ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, ভুয়া অ্যাকাউন্ট খোলা, ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ, এআই দিয়ে বিকৃত ছবি তৈরি এবং অনলাইন ব্ল্যাকমেইলের মতো ঘটনায় অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেনের (সিএসডব্লিউসি) তথ্য বলছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত তাদের কাছে ৮০টি অভিযোগ এসেছে। এর মধ্যে ৫৫ জনই নারী। অর্থাৎ মোট অভিযোগের প্রায় ৬৯ শতাংশে নারী ভুক্তভোগী ছিলেন।
অক্টোবরকে সাইবার সচেতনতা মাস ২০২৬ হিসেবে পালনের প্রেক্ষাপটে বৃহস্পতিবার ১ অক্টোবর এক বিবৃতিতে এসব তথ্য জানায় সিএসডব্লিউসি।
প্ল্যাটফর্মটির হিসাবে, ৮০টি অভিযোগের মধ্যে ১২ জন পুরুষও ভুক্তভোগী ছিলেন। বাকি ১৩ জনের লিঙ্গ শনাক্ত করা যায়নি।
তবে পুরুষদের অভিযোগের মধ্যেও নারীদের ভুক্তভোগী হওয়ার বিষয়টি উঠে এসেছে। ১২ জন পুরুষের মধ্যে পাঁচজন নিজের জন্য অভিযোগ করেননি। তাঁরা স্ত্রী, নাবালক মেয়ে, ভাগনি বা অন্য নারী স্বজনের হয়ে সহায়তা চেয়েছেন।
সিএসডব্লিউসি বলছে, সাইবার সহিংসতার প্রভাব শুধু ভুক্তভোগীর মধ্যে সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব পরিবারেও পড়ে। সামাজিক চাপ, হয়রানির ভয় এবং মানসম্মান নিয়ে উদ্বেগের কারণে অনেক নারী সরাসরি অভিযোগ করতে চান না। ফলে বাস্তবে নারী ও শিশুদের বিরুদ্ধে সাইবার সহিংসতার ঘটনা আরও বেশি হতে পারে।
সিএসডব্লিউসির কাছে আসা অভিযোগের মধ্যে রয়েছে অন্তরঙ্গ ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি। রয়েছে ব্যক্তিগত ও আপত্তিকর ছবি বা ভিডিও প্রকাশ, ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট তৈরি, এআই দিয়ে বিকৃত বা আপত্তিকর ছবি তৈরি ও প্রকাশ এবং অনলাইন ব্ল্যাকমেইল।
প্ল্যাটফর্মটি বলছে, প্রযুক্তির অপব্যবহার এবং এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদার জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। কোনো ছবি বা ভিডিও অল্প সময়ের মধ্যেই অনেক মানুষের কাছে ছড়িয়ে পড়তে পারে। এর প্রভাব ভুক্তভোগীর মানসিক, সামাজিক ও পারিবারিক জীবনে দীর্ঘস্থায়ী হতে পারে।
নারী ও শিশুদের সাইবার সহিংসতা থেকে সুরক্ষায় দ্রুত প্রতিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে সিএসডব্লিউসি। একই সঙ্গে সহজ ও ভুক্তভোগীবান্ধব অভিযোগ ব্যবস্থা, দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় আইনি সহায়তার ওপর গুরুত্ব দিয়েছে তারা।
ব্যক্তিগত তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট নিরাপদ রাখার পরামর্শও দিয়েছে সংগঠনটি। অপরিচিত বা সন্দেহজনক লিংক ও বার্তায় সতর্ক থাকতে এবং যাচাই ছাড়া কোনো ছবি, ভিডিও বা তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তার বিষয়েও অভিভাবকদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ব্র্যাকের আইন সহায়তা ও মানবাধিকারবিষয়ক সংগঠন ব্লাস্টের উদ্যোগে ১৭টি সংগঠনকে নিয়ে গঠিত হয়েছে সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন প্ল্যাটফর্ম। এর আহ্বায়ক ব্লাস্ট। যুগ্ম আহ্বায়ক সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন এবং সদস্যসচিব নারীপক্ষ।
নারী ও শিশুদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা প্রতিরোধ, আইনি সহায়তা, ডিজিটাল নিরাপত্তা এবং সচেতনতা বাড়াতে সংগঠনগুলো একসঙ্গে কাজ করছে।

