আদালতে নেওয়ার সময় পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামী নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। শনিবার ৩ অক্টোবর রাজধানীর বিমানবন্দর থানার মামলায় তাকে আদালতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রিজনভ্যান থেকে নামার সময় আখতারুজ্জামান তার হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগার না।’ এরপর মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেন তিনি।
আখতারুজ্জামান বলেন, মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে তার হাতে হাতকড়া ও মাথায় হেলমেট পরানো হয়েছে।
আদালতে নেওয়ার সময় তিনি বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে কথা বলার বিষয়টি তুলে ধরেন। এ সময় প্রিজনভ্যানের ভেতর থেকে পুলিশকে আঙুল তুলে কথা বলতে দেখা যায় তাকে। পরে একপর্যায়ে তিনি হেলমেটটি ছুড়ে ফেলেন।
তিনি আরও বলেন, জুলুম ও নির্যাতন করে তাদের থামানো যাবে না। জামায়াত জনগণের জন্য এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করবে।
আখতারুজ্জামান বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলন চলবে। তারা জনগণের জন্য লড়াই চালিয়ে যাবেন।
এর আগে বৃহস্পতিবার মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন আখতারুজ্জামান। ওই ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি পেতে দেরি হয়। এ নিয়ে বিমানবন্দরে কর্মকর্তাদের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানকে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায়।
ভিডিওতে আখতারুজ্জামানকে বিমানবন্দরের কর্মকর্তাদের কাজ নিয়ে প্রশ্ন তুলতে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়। অন্যদিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর শুক্রবার বিমানবন্দর থানায় মামলা করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজীব।
মামলায় আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া ও হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা শফিকুল ইসলাম জানান, আখতারুজ্জামানকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

