জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী ও নেতার বিরুদ্ধে শিগগির আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
রোববার ৪ অক্টোবর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি বলেন, দীর্ঘ তদন্ত শেষে আওয়ামী লীগ সরকারের কয়েকজন সাবেক এমপি ও মন্ত্রীর বিষয়ে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। প্রতিবেদন যাচাই করে আনুষ্ঠানিক অভিযোগও প্রস্তুত করা হয়েছে।
চিফ প্রসিকিউটরের অনুমতি পাওয়ার পর ট্রাইব্যুনালে এসব অভিযোগ দাখিল করা হবে। বর্তমানে চিফ প্রসিকিউটর ছুটিতে থাকায় তার ফেরার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
যাদের বিরুদ্ধে অভিযোগ প্রস্তুত
প্রসিকিউশনের দেওয়া তথ্য অনুযায়ী, যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ প্রস্তুত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
এ তালিকায় আরও রয়েছেন সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান এবং সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।
এ ছাড়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক সাবেক উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনির নামও রয়েছে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এসব নেতার সবাই বর্তমানে কারাগারে রয়েছেন।

