জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আজ পঞ্চম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে।
সোমবার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই সাক্ষ্যগ্রহণ হবে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল মামলাটির শুনানি করবেন।
রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী আজ ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন। এর আগে ২৮ সেপ্টেম্বর চতুর্থ সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাইযোদ্ধা হান্নান মিয়া। তিনি ট্রাইব্যুনালে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। একই সঙ্গে কামরুল ইসলাম, রাশেদ খান মেননসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। সাক্ষ্যগ্রহণের জন্য নির্ধারিত থাকায় আজ তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন বিভিন্ন ধরনের উসকানি দিয়েছেন। আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের গুরুত্বপূর্ণ পদে থেকে তারা নিরস্ত্র ছাত্র জনতার বিরুদ্ধে মারণাস্ত্র ব্যবহারের পাশাপাশি কারফিউ জারির জন্য প্ররোচনা দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
প্রসিকিউশনের দাবি, তাদের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে রাজধানীর বাড্ডা ও আশপাশের এলাকায় ২৩ জন নিহত হন। আহত হন আরও অনেকে।

