চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার ৫ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ডনের জামিন আবেদনের ওপর আদালতে শুনানি হয়। তাঁর আইনজীবীরা আবেদনে তাঁকে নির্দোষ দাবি করেন। একই সঙ্গে মামলার বিভিন্ন নথি তুলে ধরে জামিনের পক্ষে যুক্তি দেন।
জামিন আবেদনে বলা হয়, সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা দুটি সুরতহাল প্রতিবেদন ও দুটি ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনা করা হয়েছে। এর সঙ্গে ভিসেরা ও রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনও পর্যালোচনা করা হয়েছে। এসব নথি থেকে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে দাবি করেন ডনের আইনজীবীরা।
আবেদনে আরও বলা হয়, আশরাফুল হক ডন সালমান শাহর মৃত্যুর ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। তাঁকে হয়রানি করার উদ্দেশ্যেই মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করেন তাঁর আইনজীবীরা।
জামিন আবেদনে বলা হয়, গত ৫ আগস্ট ডনকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন। দীর্ঘদিন কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে আইন অনুযায়ী তাঁকে জামিন দেওয়ার আবেদন করা হয়।
আসামিপক্ষ আরও দাবি করে, ডন শারীরিকভাবে অসুস্থ। তিনি তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দেশে তাঁর স্থায়ী ঠিকানাও রয়েছে।
জামিন পেলে তিনি পালিয়ে যাবেন না বলেও আবেদনে উল্লেখ করা হয়। আদালতের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় জামিনদার দেওয়ার কথাও জানান তাঁর আইনজীবীরা।
শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা আবেদনে উল্লেখ করা অন্যান্য যুক্তিও আদালতে মৌখিকভাবে তুলে ধরেন। তাঁরা ন্যায়বিচারের স্বার্থে ডনের জামিন মঞ্জুরের আবেদন জানান।
তবে দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেন।
সালমান শাহ বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা ছিলেন। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে।

