গাজীপুরের পাতারটেকে সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ২৮ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (৬ অক্টোবর) প্রসিকিউশনের সময় আবেদনের পর ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। প্রসিকিউটর ফারুক আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ হাসিনা ছাড়া মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক, সাবেক এসবি প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, বগুড়ার সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামান, গাজীপুরের সাবেক পুলিশ সুপার ও ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ, বগুড়ার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল এবং সাবেক সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার ও সোয়াট টিমের নেতা এসএম জাহাঙ্গীর হাছান।
বর্তমানে এই মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন একেএম শহীদুল হক ও আসাদুজ্জামান মিয়া।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, গত ২ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ১০ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করা হয়। এরপর আসামিপক্ষের শুনানি হওয়ার কথা ছিল। এর মধ্যে মামলাটি ট্রাইব্যুনাল-২ এ স্থানান্তর করা হয়।
মঙ্গলবার মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে চিফ প্রসিকিউটর ছুটিতে থাকায় প্রসিকিউশন নতুন করে সময় চায়। পরে ট্রাইব্যুনাল ২৮ অক্টোবর শুনানির দিন ঠিক করেন।
যে অভিযোগে মামলা
প্রসিকিউশনের অভিযোগ, ২০১৬ সালের ৮ অক্টোবর গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় একটি বাড়িতে সাতজনকে হত্যা করা হয়। তাদের দেশের বিভিন্ন এলাকা থেকে তুলে নিয়ে বগুড়ায় পুলিশের একটি গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।
পরে তাদের গাজীপুরের পাতারটেকে সোলায়মান সরকারের বাড়িতে নেওয়া হয়। সেখানে সিটিটিসির নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। প্রসিকিউশনের দাবি, ওই অভিযানে জঙ্গি নাটক সাজিয়ে সোয়াট সদস্যরা সাতজনকে গুলি করে হত্যা করেন। ওই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন শরতের তুফান’।
প্রসিকিউটর গাজী এমএইচ তামিমের অভিযোগ, হত্যাকাণ্ডের পরও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের ভয় দেখানো হয়েছিল। মরদেহ নিতে এলে তাদের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ারি দিয়েছিলেন বলেও তিনি দাবি করেন।
নিহত সাতজনের মধ্যে চারজনের পরিচয় এখনও জানা যায়নি। বাকি তিনজন হলেন মো. ইবরাহীম, ফরিদুল ইসলাম আকাশ ও সাইফুর রহমান। ইবরাহীমের বাবা ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন।
প্রসিকিউশন বলছে, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় বলপূর্বক গুম ও হত্যাকাণ্ডের ধারাবাহিকতার অংশ হিসেবে পাতারটেকের ঘটনাটিও ঘটানো হয়েছিল।
চলতি বছরের ৩ ফেব্রুয়ারি শেখ হাসিনাসহ এই ১০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

