রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে হলে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। নিরাপত্তার স্বার্থে সুপ্রিম কোর্ট প্রশাসন এ নির্দেশনা দিয়েছে।
মঙ্গলবার ৬ অক্টোবর সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি ও আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা সুপ্রিম কোর্টের বিভিন্ন ভবনের আদালত কক্ষে বিচারকাজ পরিচালনা করেন।
এ কারণে বিচারপতি, মামলা পরিচালনায় যুক্ত আইনজীবী এবং সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগে থেকেই সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সংশ্লিষ্টদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। সম্প্রতি রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশের বিষয়টি নজরে এসেছে। এতে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্টে প্রবেশের সময় সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।
জরুরি প্রয়োজনে ওই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা অফিসিয়াল পরিচয়পত্র দেখাতে হবে।

