পুরান ঢাকার তাঁতীবাজারে সিআইডির পরিচয় দিয়ে একটি সোনার দোকানে ঢুকে ১০ লাখ টাকা দাবি করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে সিআইডির জ্যাকেট, হাতকড়া ও সিল মারা পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন এস এম মোস্তাক আহমেদ, মো. হাসান শেখ ও মো. আবুল কালাম আজাদ। তাদের বয়স যথাক্রমে ৬৫, ৩৮ ও ৫২ বছর।
বুধবার ৮ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে পুলিশের করা ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য রোববার দিন নির্ধারণ করেন।
পুলিশ জানায়, মঙ্গলবার তাঁতীবাজারের ‘আশীর্বাদ’ নামের একটি সোনার দোকানে যান ওই তিনজন। তারা নিজেদের সিআইডির সদস্য হিসেবে পরিচয় দেন। দোকানে অবৈধ হুন্ডি ব্যবসা চলছে বলে অভিযোগ তুলে মালিক লিটন দেবের ভাই ও ছেলের কাছে ১০ লাখ টাকা দাবি করেন।
টাকা না দিলে তাদের তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয় বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে বিষয়টি ডিবিকে জানানো হলে কোতোয়ালি জোনাল টিমের একটি দল দোকানটিতে অভিযান চালায়। অতিরিক্ত উপকমিশনার মো. এনায়েত কবীর সোয়েবের নেতৃত্বে অভিযানে তিনজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, তাদের কাছ থেকে ছাই রঙের একটি সিআইডি জ্যাকেট, এক জোড়া হাতকড়া, সিল মারা পরিচয়পত্রসহ আরও কিছু জিনিস জব্দ করা হয়েছে।
এ ঘটনায় দোকানের মালিক লিটন দেব বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. এজাজুল হক তিন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পুলিশের ভাষ্য, এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত কি না, জব্দ করা জ্যাকেট ও পরিচয়পত্র কোথা থেকে এসেছে এবং এর আগে একই কৌশলে তারা কোনো ঘটনা ঘটিয়েছে কি না, তা জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
আদালত রিমান্ড আবেদনের তাৎক্ষণিক শুনানি না করে রোববার শুনানির দিন ধার্য করেন। পরে তিন আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
তদন্ত কর্মকর্তা এসআই এজাজুল হক বলেন, মামলার বাদীর অভিযোগে আসামিদের সিআইডি ও পুলিশের পরিচয় ব্যবহারের কথা বলা হয়েছে। তাদের প্রকৃত পরিচয় এবং ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

