রাজধানীর পল্টন থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার তদন্তে তাঁর বিরুদ্ধে অপরাধে জড়িত থাকার তথ্য ও প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। একই সঙ্গে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
শুনানিতে রাষ্ট্রপক্ষ অধ্যাপক জামাল উদ্দিনের জামিনের বিরোধিতা করে। আইনজীবী শামসুদ্দোহা সুমন আদালতে দাবি করেন, আন্দোলনের সময় অধ্যাপক জামাল উদ্দিন শিক্ষার্থীদের ‘রাজাকার’ আখ্যা দিয়েছিলেন এবং তাঁদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি বিগত সরকারের অপরাধের অংশীদার বলেও দাবি করেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী খায়ের উদ্দিন শিকদার গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরোধিতা করে জামিন চান। তিনি বলেন, অধ্যাপক জামাল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক। মিথ্যা অভিযোগে তাঁকে মামলায় জড়ানো হয়েছে।
উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামাল উদ্দিনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন এবং তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই মো. নুরুজ্জামান অধ্যাপক জামাল উদ্দিনকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আসামির উপস্থিতিতে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছিলেন আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, ২০২৫ সালের ১৮ মে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সদস্য, অর্থদাতা ও নির্দেশদাতারা নাশকতার উদ্দেশ্যে রাজধানীর গুলিস্তান ও বায়তুল মোকাররম এলাকায় জড়ো হন। এ সময় পুলিশ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের বিপরীতে হোটেল ইম্পেরিয়ালের সামনে অভিযান চালায়। কয়েকজনকে আটক করা হলেও অজ্ঞাতপরিচয় আরও ১৪০ থেকে ১৫০ জন পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলা করে।
পুলিশের দাবি, তদন্তে অধ্যাপক জামাল উদ্দিনের বিরুদ্ধে ওই ঘটনায় জড়িত থাকার তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। নিষিদ্ধ সংগঠনের আদর্শ সমর্থন, অপরাধের ষড়যন্ত্র এবং সরকারবিরোধী মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেওয়ার সঙ্গে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলেও দাবি করেছে পুলিশ।
এর আগে গত ১১ মার্চ রাজধানীর গুলিস্তান স্টেডিয়াম এলাকায় একটি পদযাত্রা চলাকালে অধ্যাপক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পল্টন থানার সন্ত্রাসবিরোধী আইনের অন্য একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

