বিচারপ্রাপ্তি নিশ্চিত করা এবং আইনি সেবা আরও বিস্তৃত করার বিষয়ে প্রশিক্ষণ নিতে জাপান যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবীসহ বাংলাদেশের ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে আগামী ১ থেকে ১৪ নভেম্বর এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পরিকল্পনা শাখা থেকে ৭ অক্টোবর জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতিনিধি দলে বিচারক, আইন ও বিচার বিভাগের কর্মকর্তা, সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তা, লিগ্যাল এইড কর্মকর্তা এবং জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা রয়েছেন।
জাপানগামী দলের সদস্যদের মধ্যে রয়েছেন নরসিংদীর জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. মাসুম বিল্লাহ, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার এএইচএম তোয়াহা এবং হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. মাজহারুল হক।
এ ছাড়া আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুদ্দীন হোসাইন, মো. মঈনউদ্দিন কাদির ও মুহাম্মদ আশেকুর রহমান, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. ফরিদুজ্জামান এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান রয়েছেন।
প্রতিনিধি দলে আরও রয়েছেন কুমিল্লার চিফ লিগ্যাল এইড অফিসার মনিকা খান, বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান, নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তৌহিদ আল আজাদ, ঝিনাইদহের সিনিয়র দেওয়ানি জজ অনুশ্রী রায়, বগুড়ার দেওয়ানি জজ মো. রকিবুল হাসান এবং বরিশালের দেওয়ানি জজ মো. জাহিদুল ইসলাম।
আইনজীবীদের মধ্যে রয়েছেন নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশনের মোহাম্মদ আলী, মোহাম্মদ কাইয়ুম ও আফরোজা বেগম। কুমিল্লা জেলা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের মধ্যে রয়েছেন আয়েশা বেগম, সরকার গিয়াস উদ্দিন মাহমুদ ও শাহিদা আনোয়ার।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশিক্ষণ ও ভ্রমণের পুরো সময়কে অংশগ্রহণকারীদের কর্মকালীন সময় বা অন ডিউটি হিসেবে গণ্য করা হবে।
এ সফরের সব ব্যয় বহন করবে জাইকা। ফলে এ জন্য বাংলাদেশ সরকারের স্থানীয় বা বৈদেশিক মুদ্রায় কোনো অর্থ ব্যয় হবে না।
প্রতিনিধি দলটি আগামী ১ নভেম্বর অথবা এর কাছাকাছি সুবিধাজনক সময়ে জাপানের উদ্দেশে বাংলাদেশ ছাড়বে। প্রশিক্ষণ শেষে ১৪ নভেম্বর তারা দেশে ফিরবেন।

