বৈধ পাসপোর্ট, ভিসা, এন্ট্রি পারমিশন ও বিমান টিকিট থাকার পরও নেপাল যেতে পারেননি তিন তরুণী। বিমানবন্দরে তাদের কেন আটকে দেওয়া হয়েছিল, তা জানতে বৃহস্পতিবার প্রায় ছয় ঘণ্টা তাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ।
৮ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত রাজধানীর রাজারবাগে স্পেশাল ব্রাঞ্চ কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে বিদেশযাত্রায় বাধা ও ইমিগ্রেশনে হয়রানির প্রতিকার চেয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন তারা।
জিজ্ঞাসাবাদে তিন তরুণী বিমানবন্দরে তাদের সঙ্গে পুলিশের আচরণ, ভ্রমণের অনুমতি না দেওয়ার কারণ এবং কর্মকর্তাদের বিভিন্ন মন্তব্য নিয়ে অভিযোগ তুলে ধরেছেন।
‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটির’ আমন্ত্রণে নেপাল
তরুণী রিফা জানান, তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেন। প্রতিষ্ঠানটি মধ্যস্থতা নিয়ে কাজ করে এবং দেশ ও দেশের বাইরে তাদের প্রতিনিধিত্ব রয়েছে।
তার বক্তব্য অনুযায়ী, নেপালে থাকা প্রতিষ্ঠানের একজন প্রতিনিধির আমন্ত্রণে তারা সেখানে যাওয়ার প্রস্তুতি নেন। পরিবারের সম্মতিও ছিল। বিমানবন্দরে বোর্ডিং পাস নেওয়ার পর টার্মিনালে যাওয়ার সময় তাদের অফিসে নিয়ে যাওয়া হয়।
রিফার অভিযোগ, সেখানে একজন পুলিশ সদস্য তার স্টুডেন্ট আইডিতে থাকা হিজাব পরা ছবি নিয়ে কটূক্তি করেন। পরে তার বাবাকে ফোন করেও অপমানজনক কথা বলা হয় বলে অভিযোগ করেন তিনি।
রিফা জানান, তার বাবা কৃষক ও ব্যবসায়ী ছিলেন। পুলিশের ওই আচরণের পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং গত ১৭ আগস্ট এক দুর্ঘটনায় মারা যান বলে রিফার দাবি।
‘অবিবাহিত বলে যেতে দেওয়া হয়নি’
আরেক তরুণী নাজনিন প্রতিষ্ঠানটির ট্রেজারার হিসেবে কাজ করেন। তার বক্তব্য, তিনজনই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নেপাল যাওয়ার জন্য বিমানবন্দরে যান। বোর্ডিং পাস নেওয়ার পর তাদের প্রথমে একটি ডেস্কে এবং পরে পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
নাজনিন জানান, তাদের নেপাল ভ্রমণের উদ্দেশ্যের মধ্যে ছিল পাসপোর্টে ভ্রমণের রেকর্ড তৈরি করা। পাশাপাশি নেপাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ ও নৈশভোজে অংশ নেওয়ার পরিকল্পনাও ছিল।
তার দাবি, বিমানের ফ্লাইট ছাড়ার কিছুক্ষণ আগে তাদের জানানো হয়, তারা অবিবাহিত হওয়ায় বিদেশ যেতে পারবেন না। এ বিষয়ে কোনো লিখিত কারণও দেওয়া হয়নি।
নাজনিনের অভিযোগ, তাদের বৈধ কাগজপত্র যাচাই করার পরিবর্তে পুলিশ সদস্যরা বিভিন্ন অসংগতিপূর্ণ প্রশ্ন করেন। হোটেল বুকিংয়ে থাকা একজন নেপালি ব্যক্তির নাম নিয়েও মন্তব্য করা হয়।
পরে তাদের এরাইভাল টার্মিনাল দিয়ে বের করে দেওয়া হয়। সেখানে অপেক্ষা করতে চাইলে পুলিশ তাদের সতর্ক করে বলে, সেখানে থাকলে সমস্যা হতে পারে।
পোশাক ও ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্নের অভিযোগ
তৃতীয় তরুণী সোহানি জানান, তার কাছেও বৈধ পাসপোর্ট, বোর্ডিং কার্ড, হোটেল বুকিং ও ডলার এনডোর্সমেন্ট ছিল। এরপরও তাকে অন্যদের সঙ্গে পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
সোহানির দাবি, সেখানে তার স্টুডেন্ট আইডি দেখতে চাওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের ডিনকে ফোন করতে বলা হয়। এ ছাড়া ব্যাংক স্টেটমেন্ট না থাকা নিয়েও প্রশ্ন করা হয়।
তার অভিযোগ, একজন পুলিশ সদস্য ভ্রমণের খরচের উৎস নিয়ে তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করেন। ভবিষ্যতে মাস্টার্স পড়তে বিদেশে যাওয়ার ক্ষেত্রে এই ভ্রমণ অভিজ্ঞতা কাজে লাগবে বলে জানালে তার বাবাকে নিয়েও প্রশ্ন করা হয়।
সোহানির আরও অভিযোগ, কথা বলার সময় একজন পুলিশ কর্মকর্তার দৃষ্টি তার শরীরের দিকে ছিল। পরে বিদেশ যেতে না দেওয়ার কারণ জানতে চাইলে তাকে বলা হয়, অবিবাহিত মেয়েরা একা দেশের বাইরে যেতে পারে না।
তিন তরুণীর বক্তব্য যাচাই ও ঘটনার বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে তাদের জিজ্ঞাসাবাদ করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অতিরিক্ত পুলিশ সুপার নাজনীন আখতার, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার শারমিন জাহান এবং বিশেষ পুলিশ সুপার এ টি এম শাহীন আহমেদ।
হাইকোর্টে রিট, পুলিশের কাছে অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ
বিদেশযাত্রায় বাধার প্রতিকার চেয়ে গত ৩০ আগস্ট পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ করেছিলেন তিন তরুণী। সেখানে সমাধান না পেয়ে তারা হাইকোর্টে রিট করেন।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২৯ সেপ্টেম্বর বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেন।
আদালত জানতে চান, প্রাপ্তবয়স্ক নারী নাগরিকদের শুধু অবিবাহিত হওয়া, অভিভাবক ছাড়া ভ্রমণ করা বা লিঙ্গের ভিত্তিতে বিদেশযাত্রায় বাধা দেওয়া কেন আইনগত কর্তৃত্বের বাইরে ঘোষণা করা হবে না।
৮ অক্টোবর হাইকোর্ট তিন তরুণীর করা অভিযোগটি দ্রুত নিষ্পত্তির জন্য পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শককে নির্দেশ দেন।
রিটকারীদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। তাকে সহযোগিতা করেন আইনজীবী তানজিলা রহমান।

