জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরা এলাকায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে বিচার শুরু হবে কি না, সে বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার, ১১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ আদেশ দেবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় থাকা ২৬ আসামির মধ্যে আটজন বর্তমানে গ্রেপ্তার আছেন। তাঁরা হলেন ডিএমপির উত্তরা বিভাগের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মো. মজিবুর রহমান, আজমপুর পুলিশ ফাঁড়ির সাবেক কনস্টেবল মো. হোসেন আলী, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, যুবলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন রুবেল, আওয়ামী লীগ নেতা মো. সোহেল রানা, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. শাহ আলম এবং তুরাগ থানা এলাকার আওয়ামী লীগ কর্মী মো. ইরফানুল হক গাজী।
সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ বাকি ১৮ আসামি পলাতক। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, উত্তরা বিভাগের সাবেক উপপুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীম, সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. তোহিদুল ইসলাম, সাবেক সহকারী পুলিশ কমিশনার সুমন কর এবং বিভিন্ন থানার সাবেক কর্মকর্তা ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলররা।
কেন পিছিয়েছিল আদেশ
প্রসিকিউশন জানায়, এর আগে ২৩ সেপ্টেম্বর মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার দিন নির্ধারিত ছিল। তবে ট্রাইব্যুনালের সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ হওয়ায় ওই দিনের শুনানি পিছিয়ে দেওয়া হয়। পরে ১১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
এর আগে ২০ আগস্ট ট্রাইব্যুনাল ১ এ অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার কথা ছিল। পরে মামলাটি ট্রাইব্যুনাল ২ এ স্থানান্তর করা হয়। এরপর নতুন করে প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি অনুষ্ঠিত হয়।
অভিযোগ গঠনের আদেশ হলে মানবতাবিরোধী অপরাধের মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হবে।
১৮ জুলাইয়ের ঘটনায় সাতজন নিহতের অভিযোগ
প্রসিকিউশনের প্রথম অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও আশপাশের এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালানো হয়। এতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের এমবিএ শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ সাতজন নিহত হন বলে অভিযোগ করা হয়েছে।
প্রসিকিউশনের অভিযোগে আরও বলা হয়, উবারচালক মোখলেছুর রহমান ওরফে দুর্জয়কে পুলিশের এপিসির চাকায় পিষ্ট করে হত্যার পর তাঁর মরদেহ গুমের উদ্দেশ্যে তুরাগ নদীতে ফেলে দেওয়া হয়।
একই ঘটনায় মেহেদী হাসানসহ আরও পাঁচজনকে হত্যার উদ্দেশ্যে গুলি করে গুরুতর আহত করার অভিযোগও আনা হয়েছে।
১৯ জুলাই আরও চারজন নিহত
দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ১৯ জুলাই একই এলাকায় আন্দোলনকারীদের ওপর আবারও নির্বিচারে গুলি চালানো হয়। এতে রিদোয়ান শরীফ রিয়াদ জয়াসহ চারজন নিহত হন বলে প্রসিকিউশনের অভিযোগ।
এ ছাড়া রাইসুল রহমান রাতুলকে হত্যার উদ্দেশ্যে গুলি করে গুরুতর আহত করার অভিযোগও রয়েছে।
প্রসিকিউশনের দাবি, ১৮ ও ১৯ জুলাইয়ের এসব ঘটনা পরিকল্পিত, ব্যাপক ও পদ্ধতিগতভাবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অংশ।

