আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ বিচারাধীন মামলায় ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ডাউটি স্ট্রিট চেম্বারসের দুই আইনজীবীকে অনুমতি দেওয়ার আবেদন করা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিলে।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ফারজানা রুপার নিয়োজিত কৌঁসুলি ব্যারিস্টার মাহবুব শফিক বার কাউন্সিলের সচিবের কাছে আবেদনটি জমা দেন।
আবেদনে বলা হয়েছে, ডাউটি স্ট্রিট চেম্বারসের আইনজীবী জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিক গত ১ অক্টোবর ইমেইলের মাধ্যমে বার কাউন্সিলের কাছে আবেদন করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফারজানা রুপার পক্ষে আইনি লড়াইয়ে অংশ নেওয়ার অনুমতি চেয়েছেন তাঁরা।
বার কাউন্সিলে দেওয়া আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ১১(৮) ধারার কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার, ১৯৭২ এ যা-ই থাকুক, বার কাউন্সিলের পূর্বানুমতি নিয়ে ট্রাইব্যুনাল বিদেশি আইনজীবীকে শুনানিতে অংশ নেওয়ার সুযোগ দিতে পারে।
আবেদনে আরও বলা হয়েছে, যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া এই অনুমতি আটকে রাখার সুযোগ নেই। তবে ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবীর অংশ নেওয়ার আগে বার কাউন্সিলের অনুমতি নেওয়া প্রয়োজন।
আইসিটি বিডি মামলা নম্বর ০৫/২০২৬ এ বর্তমানে কারাগারে রয়েছেন ফারজানা রুপা। আগামী ১ নভেম্বর মামলাটির অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারিত রয়েছে।
আবেদনে বলা হয়েছে, মামলার বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে যাচ্ছে। তাই ন্যায়বিচারের স্বার্থে জরুরি ভিত্তিতে দুই ব্রিটিশ আইনজীবীকে দায়িত্ব পালনের অনুমতি দেওয়ার জন্য বার কাউন্সিলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আবেদনের সঙ্গে ফারজানা রুপার স্বাক্ষর করা ওকালতনামা, দুই বিদেশি আইনজীবীর জীবনবৃত্তান্ত এবং তাঁদের পাঠানো ইমেইল ও মূল আবেদনের অনুলিপি জমা দেওয়া হয়েছে।

