দেশে সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন বিচারপ্রার্থী। জাতীয় আইনগত সহায়তা সংস্থার বিভিন্ন সেবা ও প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁদের এই সহায়তা দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা পেয়েছেন ৩১ হাজার ৪০৯ জন। ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছেন ১৩ লাখ ৮৩ হাজার ৬১৭ জন।
এ ছাড়া ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৬৫৮ জনকে সহায়তা দেওয়া হয়েছে।
সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারেও বিপুলসংখ্যক মানুষ সেবা নিয়েছেন। টোল ফ্রি ১৬৬৯৯ নম্বরে কল করে আইনি পরামর্শ পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৯ জন।
অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমেও ৪৫৭ জনকে আইনি পরামর্শ দেওয়া হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থা জানায়, আর্থিকভাবে অসচ্ছল ও আইনি সহায়তা নিতে অসমর্থ বিচারপ্রার্থীদের সরকারি খরচে সহায়তা দেওয়ার লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।
‘আইনগত সহায়তা প্রদান আইন’ এর আওতায় এসব সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এসব কার্যক্রম পরিচালনা করছে।

