বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বার্ষিক ভোজ বা ‘ব্রেকআপ পার্টি’র খরচ কমানোর প্রস্তাব দিয়েছেন আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন। একই সঙ্গে মুসলিম আইনজীবীদের জন্য গরুর মাংস, হিন্দু আইনজীবীদের জন্য আলাদা ব্যবস্থায় খাসির মাংস এবং নিরামিষভোজীদের জন্য পৃথক খাবারের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বরাবর লিখিত আবেদন করে এসব প্রস্তাব দেন তিনি।
আবেদনে বলা হয়েছে, বার্ষিক ভোজের খরচ কমানোর পাশাপাশি সদস্যদের জন্য পর্যাপ্ত ও মানসম্মত খাবার নিশ্চিত করা প্রয়োজন।
১ কোটি টাকার বেশি সংগ্রহ
আবেদনকারী জানান, ২০২৬ সালের ৮ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য ১৩ হাজার ৯৪ জন। প্রত্যেক সদস্যের কাছ থেকে বার্ষিক ভোজের জন্য ৮০০ টাকা নেওয়া হলে মোট সংগ্রহ হয় ১ কোটি ৪ লাখ ৭৫ হাজার ২০০ টাকা।
তাঁর দাবি, এত অর্থ ব্যয় হলেও ভোজের খাবারের মান ও পরিমাণ নিয়ে সদস্যদের মধ্যে অসন্তোষ রয়েছে।
আবেদনে বলা হয়েছে, ভোজে খাসির মাংস পরিবেশনের কারণে ব্যয় বেড়ে যায়। বর্তমানে খাসির মাংসের গড় বাজারদর কেজিপ্রতি প্রায় ১ হাজার ২০০ টাকা। ফলে কয়েক দফা খাবার পরিবেশনের পরও অনেক সময় পর্যাপ্ত মাংস পাওয়া যায় না বলে দাবি করেছেন তিনি।
১০টি গরু কেনার প্রস্তাব
খরচ কমিয়ে খাবারের পরিমাণ বাড়াতে গরুর মাংস পরিবেশনের প্রস্তাব দিয়েছেন মাহমুদুল হাসান মামুন।
তিনি প্রতিটি ২ লাখ টাকা দামের ১০টি স্বাস্থ্যবান ষাঁড় কেনার প্রস্তাব দিয়েছেন। এতে গরু কেনার মোট খরচ হবে ২০ লাখ টাকা বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া বারের জ্যেষ্ঠ আইনজীবী এবং নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা চাইলে বার্ষিক ভোজ উপলক্ষে গরু উপহার দিতে পারেন বলেও প্রস্তাব দিয়েছেন তিনি। এতে বারের নিজস্ব তহবিল থেকে মাংস কেনার খরচ আরও কমানো সম্ভব হবে বলে তাঁর দাবি।
ধর্মীয় ও খাদ্যাভ্যাস বিবেচনায় আলাদা খাবার
আবেদনে হিন্দু ধর্মাবলম্বী আইনজীবীদের জন্য পৃথক জায়গায় খাসির মাংস পরিবেশনের প্রস্তাব করা হয়েছে।
আবেদনকারীর যুক্তি, সদস্যদের ধর্মীয় ও খাদ্যাভ্যাসের পছন্দ বিবেচনায় নিয়ে খাবারের ব্যবস্থা করা উচিত। একই সঙ্গে বৈষ্ণব রীতির অনুসারীসহ অন্যান্য নিরামিষভোজী আইনজীবীদের জন্য আলাদা ও পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত নিরামিষ খাবারের ব্যবস্থার কথাও বলা হয়েছে।
মামুনের দাবি, সদস্যদের খাদ্যাভ্যাস ও ধর্মীয় পছন্দের প্রতি সম্মান রেখে আলাদা ব্যবস্থায় খাবার পরিবেশন করা হলে একদিকে সদস্যদের সুবিধা নিশ্চিত হবে, অন্যদিকে ভোজের ব্যয়ও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
আবেদনের শেষাংশে তিনি বার্ষিক ভোজের খাবারের ধরন ও ব্যবস্থাপনা নতুন করে বিবেচনার অনুরোধ জানিয়েছেন। সেখানে মুসলিম আইনজীবীদের জন্য গরুর মাংস, হিন্দু আইনজীবীদের জন্য খাসির মাংস এবং নিরামিষভোজীদের জন্য পৃথক খাবারের ব্যবস্থা করার প্রস্তাব রাখা হয়েছে।

