ভুয়া মামলা দিয়ে শতাধিক মানুষকে হয়রানির অভিযোগে লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার পর অভিযোগের তদন্ত ও অনুসন্ধান সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে থাকা মো. খাদেম উল কায়েস।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আরিফুল ইসলাম এর আগে শরীয়তপুরের সাবেক সিনিয়র সহকারী জজ এবং পরে ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’-এর বিধি ২(ক) ও ২(চ) অনুযায়ী অদক্ষতা ও অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।
এই অভিযোগে তাঁর বিরুদ্ধে ০২/২০২৬ নম্বর বিভাগীয় মামলা করা হয়েছে।
অভিযোগের যথাযথ তদন্ত ও অনুসন্ধানের স্বার্থে আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার পরামর্শ দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের ওই পরামর্শের ভিত্তিতে ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’-এর বিধি ১১ অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।
সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী আরিফুল ইসলাম খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

