পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, তাঁর স্ত্রীসহ পরিবারের চার সদস্যের ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এ আদেশ দেন।
অবরুদ্ধ করা হিসাবগুলোর মধ্যে মনিরুল ইসলামের নামে ১১টি, তাঁর স্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানার নামে ৫টি, শ্যালক রেজাউল আলম শাহিনের নামে ৪০টি এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পার নামে ২৭টি হিসাব রয়েছে।
এসব হিসাবে মোট ১৯ কোটি ৪৭ লাখ ২২ হাজার ৮৩১ টাকা রয়েছে। এ ছাড়া হিসাবগুলোতে ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ডও রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মোজাম্মেল হোসেন ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আবেদন করেন। আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, মনিরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে ২৫ কোটি টাকা লোপাট, কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল নামের দুটি এনজিওর নিয়ন্ত্রণ নিয়ে অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদক বলছে, প্রাথমিক অনুসন্ধানে মনিরুল ইসলাম, তাঁর স্ত্রী সায়লা ফারজানা, শ্যালক রেজাউল আলম শাহিন এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পার নামে অবৈধ সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাঁদের এসব সম্পদ রয়েছে বলে অনুসন্ধানে তথ্য মিলেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
দুদকের দাবি, অনুসন্ধানের সময় পাওয়া নথিপত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অসংখ্য ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবের টাকা বিদেশে পাচারের চেষ্টা করা হচ্ছে বলেও তথ্য পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
দুদকের আবেদনে আরও বলা হয়, বিষয়টি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ ধারার সঙ্গে সংশ্লিষ্ট অপরাধ হিসেবে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
অনুসন্ধান চলাকালে পাওয়া সংশ্লিষ্ট অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন বলেও মনে করে দুদক। সংস্থাটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১০ ও ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর ১৮ ধারার বিধান উল্লেখ করে আদালতে আবেদন করে।
আবেদনের শুনানি শেষে আদালত মনিরুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।

