সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শেষে আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধান বিচারপতি এবং আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
আগামী রোববার ২৫ অক্টোবর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর এজলাসের সামনের করিডরে এ আয়োজন করা হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানে প্রধান বিচারপতি ও আপিল এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং সাধারণ আইনজীবীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
এ উপলক্ষে সুপ্রিম কোর্টের মূল ভবনের পাশে থাকা বাগান ‘ইনার কোর্ট ইয়ার্ডে’ আইনজীবীদের আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

