সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৫৭টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি। এর মধ্যে ৩৫টি দ্বৈত বেঞ্চ এবং ২২টি একক বেঞ্চ।
আগামী রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ শুরু হবে। শনিবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে হাইকোর্ট বিভাগের প্রশাসনিক শাখা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন বেঞ্চগুলোতে দেওয়ানি ও ফৌজদারি মামলা, রিট, জামিন, আপিল ও রিভিশনসহ বিভিন্ন ধরনের মামলার বিচার হবে। এ ছাড়া দুর্নীতি দমন কমিশন ও মানি লন্ডারিং সংক্রান্ত মামলা, কর ও শুল্কবিষয়ক আবেদনও নির্দিষ্ট বেঞ্চে শুনানি হবে।
দ্বৈত বেঞ্চে যেসব মামলা
৩৫টি দ্বৈত বেঞ্চের কয়েকটিতে দেওয়ানি মোশন, প্রথম আপিল, রুল ও রিভিশনসহ অন্যান্য দেওয়ানি মামলা শুনানি হবে। কিছু বেঞ্চে ফৌজদারি মোশন, আপিল, জামিন ও রিভিশন শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন, সংশ্লিষ্ট ফৌজদারি আপিল ও জেল আপিলও কয়েকটি বেঞ্চে অগ্রাধিকার ভিত্তিতে শুনানি হবে।
এ ছাড়া সাধারণ ও বিশেষ রিট, কর ও শুল্কবিষয়ক রিট, আয়কর রেফারেন্স, কাস্টমস ও ভ্যাট আপিল, ট্রেডমার্ক, পেটেন্ট ও শিল্প নকশা সংক্রান্ত মামলার জন্যও নির্দিষ্ট বেঞ্চ রাখা হয়েছে। কয়েকটি বেঞ্চে দুদক ও মানি লন্ডারিং আইন সংক্রান্ত মামলার শুনানি হবে।
একক বেঞ্চে থাকছে বিভিন্ন এখতিয়ার
২২টি একক বেঞ্চের কয়েকটিতে ছয় কোটি টাকা পর্যন্ত মূল্যমানের দেওয়ানি আপিল, রুল, রিভিশন ও বিবিধ আপিলের শুনানি হবে।
কিছু বেঞ্চে ফৌজদারি মোশন, আপিল, জামিন ও রিভিশনের পাশাপাশি দুদক ও মানি লন্ডারিং সংক্রান্ত মামলা শুনানি হবে।
এ ছাড়া কোম্পানি আইন, ব্যাংক কোম্পানি আইন, সালিশ আইন, বিমা আইন, সাকসেশন আইন, বিবাহবিচ্ছেদ ও ট্রেডমার্ক সংক্রান্ত মামলা এবং আবেদনের জন্যও পৃথক বেঞ্চ রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে কয়েকটি বেঞ্চকে পুরোনো রিট মামলা ও মৃত্যুদণ্ড অনুমোদনের আবেদন অগ্রাধিকার ভিত্তিতে শুনানির নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর একক বেঞ্চকে সম্পূর্ণ কাগজমুক্ত ঘোষণা করা হয়েছে। এই বেঞ্চে ই ফাইলিং বাধ্যতামূলক করা হয়েছে।
বেঞ্চভিত্তিক বিস্তারিত এখতিয়ার সুপ্রিম কোর্ট প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

