মৃত্যুদণ্ডের রায়কে ‘ক্যাঙ্গারু কোর্টের রায়’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে আদালত অবমাননার মামলায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীর বিরুদ্ধে আজ শুনানি হওয়ার কথা রয়েছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলাটি করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায় নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে। ওই পোস্টে রায়টিকে ‘ক্যাঙ্গারু কোর্টের রায়’ বলা হয়েছিল বলে অভিযোগ।
এর আগে মামলাটির শুনানির জন্য ২৩ সেপ্টেম্বর দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনাল ২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় সেদিন আদালতে উপস্থিত হতে পারেননি। ফলে শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।
আগের শুনানির দিন আদালতে দুই আইনজীবীর পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী। এ সময় অ্যাডভোকেট মো. আজহার উল্লাহ ভূইয়া ও মো. নুরুন্নবী বুলবুল উপস্থিত ছিলেন। আদালত অবমাননার মামলায় অভিযুক্ত এম হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরীও ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম, ফারুক আহাম্মদ, জহিরুল আমিন, আবদুস সাত্তার পালোয়ান ও মঈনুল করিমসহ অন্য প্রসিকিউটররা।
সেদিন প্রসিকিউটর মিজানুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, আদালত অবমাননার অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে দুই আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হয়েছিলেন। তবে সদস্য বিচারক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় শুনানি করা সম্ভব হয়নি।

