৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন বাদীপক্ষের আইনজীবী। মামলার ধার্য তারিখে আদালতে হাজির না হওয়ায় সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এ আবেদন করা হয়।
বাদী ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর পক্ষে আবেদনটি করেন আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায়। তবে বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় আবেদনের শুনানির জন্য আগামী ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন।
আবেদনে বাদীপক্ষের দাবি, মামলার তারিখ সম্পর্কে জানার পরও তানজিন তিশা আদালতে হাজির হননি। মামলাটি করার পরও তিনি বাদীর বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ধরনের কটূক্তি করেছেন। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা প্রয়োজন।
আইনজীবী শুভ্র সিনহা রায় বলেন, তানজিন তিশার পক্ষ আদালতের নোটিশ গ্রহণ করেছিল। এরপরও তিনি নির্ধারিত দিনে হাজির হননি। এ কারণে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। তবে শুনানির জন্য আদালত ১৪ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন।
এদিন মামলার বাদী সানায়া চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।
৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে বিরোধ
গত বছরের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন ফ্যাশন উদ্যোক্তা সানায়া চৌধুরী। মামলার অভিযোগে বলা হয়, একটি অনুষ্ঠানে পরার জন্য সানায়ার কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন অভিনেত্রী। পরে তিনি শাড়িটি ফেরত দেননি।
মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই) গত ২৫ মে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে বলা হয়, তানজিন তিশার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
তবে ওই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন বাদী। গত ২৫ অক্টোবর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবেদনটি মঞ্জুর করেন। একই সঙ্গে মামলাটি নতুন করে তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দেন।
হুমকির অভিযোগে নতুন মামলা
পুরোনো মামলার পরদিন, ২৬ অক্টোবর তানজিন তিশার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করেন সানায়া চৌধুরী।
নতুন মামলার অভিযোগে বলা হয়, আগের মামলা প্রত্যাহার করতে বিভিন্ন সময়ে তাঁকে হুমকি দিয়েছেন তানজিন তিশা। এমনকি পল্লবীতে বাদীর বাসায় লোক পাঠিয়েও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সানায়ার দাবি, এসব ঘটনার কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। থানায় মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি। পরে তিনি আদালতের শরণাপন্ন হন।
এই হুমকির মামলাতেই তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন বাদীপক্ষের আইনজীবী। আগামী ১৪ ডিসেম্বর আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়নি।

