জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী এস এম সায়েমের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেওয়ার পর নিরাপত্তা চেয়েছেন তিনি।
রোববার প্রসিকিউশনের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট থানাকে সায়েমের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সায়েম জুলাই আন্দোলনের সময় মিরপুর অঞ্চলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তিনি এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী হিসেবে গত ৩ নভেম্বর জবানবন্দি দেন। পরদিন আসামিপক্ষের আইনজীবীরা তাঁকে জেরা করেন।
জেরা শেষে ট্রাইব্যুনালে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান সায়েম। তিনি বলেন, মিরপুর ২ নম্বরে তাঁর বাসার সামনে এক ব্যক্তি তাঁকে গালিগালাজ করেছেন। অচেনা লোকজন মোটরসাইকেল নিয়ে বাসার সামনে অবস্থান করেন এবং তাঁর সম্পর্কে খোঁজখবর নেন।
সায়েমের অভিযোগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে তাঁকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল। একটি তাঁর সামনে এবং অন্যটি প্রায় ১০ ফুট দূরে পড়ে। বিস্ফোরণের পর মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ছাড়া বিদেশ থেকেও তাঁকে ফোন করে গালিগালাজ করা হচ্ছে বলে ট্রাইব্যুনালকে জানান তিনি।
তবে আসামিপক্ষের আইনজীবী মনসুরুল হক চৌধুরী বলেন, তাঁর মক্কেলরা কারাগারে রয়েছেন। সায়েম এত দিন সাক্ষ্য দেওয়ার সময় নিরাপত্তাহীনতার অভিযোগ করেননি। সাক্ষ্য শেষ হওয়ার পর তিনি এ অভিযোগ তুলেছেন। পরে প্রসিকিউশন লিখিতভাবে সায়েমের নিরাপত্তা চেয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতেই ট্রাইব্যুনাল নির্দেশ দেন।
বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন
এদিন মামলার আসামি সালমান এফ রহমান আদালতে বক্তব্য দেওয়ার অনুমতি চান। তিনি বলেন, সাক্ষীরা ন্যায়বিচার চাইছেন, তিনিও ন্যায়বিচার চান। যুক্তিতর্ক উপস্থাপনের সময় বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়ার অনুরোধ জানান তিনি।
সালমান বলেন, কারা কর্তৃপক্ষের মাধ্যমে বিদেশি আইনজীবী নিয়োগের জন্য বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছিলেন। বার কাউন্সিল তা নাকচ করেছে বলে তিনি সংবাদপত্রে দেখেছেন। তবে সিদ্ধান্তের কারণ তাঁকে জানানো হয়নি বলে দাবি করেন তিনি।
জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালের আইনে বার কাউন্সিলের অনুমতি সাপেক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে।
মামলার পটভূমি
চলতি বছরের ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। তাঁদের বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ এনেছে প্রসিকিউশন। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে তাঁরা সরাসরি জড়িত ছিলেন।

