ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার মো. দেলোয়ার হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. আবদুর রহমান দেলোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহকারীদের শনাক্ত এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে দেলোয়ারকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ ছাড়া ঘটনার অর্থের জোগানদাতা ও নির্দেশদাতাদের পরিচয় জানতেও তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের কথা বলা হয়।
বৃহস্পতিবার বেলা ১১টা ১৮ মিনিটে কোতোয়ালি থানার অধীন সিএমএম আদালতের হাজতখানার সামনের সড়কে ককটেলসদৃশ বোমার বিস্ফোরণ ঘটে। এতে আইনজীবী হৃদয় মিয়া আহত হন। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর আদালত ভবনের ৯ নম্বর কোর্টের সামনে থেকে উপস্থিত লোকজন দেলোয়ারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের বারুদের সোয়াব, জর্দার কৌটার অংশ, লাল কাপড়ের টেপ, পেরেক ও কাচের টুকরাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক কে এম আবদুল হক বাদী হয়ে কোতোয়ালি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

