জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি সালমান এফ রহমান বিদেশি আইনজীবীকে সরাসরি নিয়োগ দিতে না পারলেও পর্যবেক্ষক হিসেবে আনতে পারবেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
রোববার বিকেলে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি বলেন, পর্যবেক্ষক হিসেবে বিদেশি আইনজীবী আদালতে উপস্থিত থাকতে এবং আসামিপক্ষের আইনজীবীদের মামলার প্রস্তুতিতে সহযোগিতা করতে পারবেন। তবে আসামিপক্ষ জানিয়েছে, তারা পর্যবেক্ষক নয়, সরাসরি বিদেশি আইনজীবী নিয়োগ দিতে চায়।
এর আগে একই দিন ট্রাইব্যুনালে বক্তব্য দেন মামলার আসামি সালমান এফ রহমান। তিনি বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি চেয়ে কারা কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন। তাঁর বিদেশি আইনজীবীও এ বিষয়ে আবেদন করেছেন। তবে বার কাউন্সিল এখনো তাঁদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সংবাদমাধ্যমের খবরে তিনি জানতে পেরেছেন, আবেদনটি নাকচ করা হয়েছে।
সালমানের দাবি, আইন অনুযায়ী যুক্তিসংগত কারণ ছাড়া বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি আটকে রাখা যায় না। বার কাউন্সিল আবেদন নাকচ করে থাকলে তার কারণ জানানো উচিত ছিল। সেই কারণ যুক্তিসংগত কি না, তা ট্রাইব্যুনাল বিবেচনা করতে পারে বলেও তিনি মনে করেন।
সালমান আরও বলেন, মামলার বিচার প্রায় শেষ পর্যায়ে। সামনে যুক্তিতর্ক উপস্থাপনের মতো গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। এ পর্যায়ে বিদেশি আইনজীবীর সহযোগিতা প্রয়োজন।
জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, আইন অনুযায়ী বার কাউন্সিলের অনুমতি সাপেক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের সুযোগ রয়েছে। তবে বার কাউন্সিলকে বিদেশি আইনজীবী নিয়োগের অনুমতি দিতে নির্দেশ দেওয়ার এখতিয়ার ট্রাইব্যুনালের নেই।
ট্রাইব্যুনালও বলেন, আইনে বিষয়টি নির্দিষ্ট করে দেওয়া থাকায় এ বিষয়ে বার কাউন্সিলকে অনুমতি দেওয়ার নির্দেশনা দেওয়া সম্ভব নয়। তবে সালমানের আবেদন বার কাউন্সিল নিষ্পত্তি করেছে কি না এবং করে থাকলে কী সিদ্ধান্ত নিয়েছে, তা জানাতে নির্দেশ দেওয়া যেতে পারে। বার কাউন্সিলের সিদ্ধান্তে সংক্ষুব্ধ হলে আপিলের সুযোগ থাকবে বলেও উল্লেখ করেন ট্রাইব্যুনাল।
পরে প্রসিকিউটর গাজী মোনাওয়ার সাংবাদিকদের বলেন, বিদেশি আইনজীবী ট্রাইব্যুনালের ডায়াসে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারবেন কি না, সে ক্ষেত্রে আইনি অনুমতির প্রয়োজন রয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবীদের মামলা প্রস্তুত ও অন্যান্য কাজে সহযোগিতা করার জন্য আলাদা অনুমতির প্রয়োজন নেই। এ কারণে বিদেশি আইনজীবীকে পর্যবেক্ষক হিসেবে আনার সুযোগ রয়েছে বলে তিনি জানান।

