কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানিয়ে অনলাইন প্ল্যাটফর্ম ‘চেঞ্জ ডট অর্গে’ গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। রোববার পর্যন্ত আবেদনটিতে ৯৬০ জন স্বাক্ষর করেছেন। এটি শেয়ার হয়েছে ৬০৭ বার।
মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত শিতাংশু গুহ গত ১ নভেম্বর আবেদনটি শুরু করেন। এতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়টি বিবেচনার পাশাপাশি তাঁর বিরুদ্ধে করা মামলাগুলোর বিচারপ্রক্রিয়া, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
আবেদনে দাবি করা হয়েছে, পূর্ববর্তী সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে। তিনি খুনি নন, অথচ একটি হত্যা মামলার প্রধান আসামি হিসেবে তাঁকে বন্দি রাখা হয়েছে। এ কারণে প্রধানমন্ত্রীকে তাঁর মুক্তির বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
পিটিশনে বলা হয়েছে, প্রথমে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়। পরে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তাঁকে আসামি করা হয়। সম্প্রতি ওই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারীর দাবি, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে করা মামলাগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তাঁর আইনজীবীরা আদালতে উপস্থিত হতে না পারা এবং তাঁর পক্ষে আইনি লড়াই করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগও তুলে ধরা হয়েছে। পাশাপাশি তাঁর জামিন ও বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
আবেদনে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর বিভিন্ন সময়ে হামলার প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। রামু, নাসিরনগর ও কুমিল্লার ঘটনার উল্লেখ করে বলা হয়েছে, ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে হামলা, হত্যা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার ক্ষেত্রে ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলেও পিটিশনে দাবি করা হয়েছে।
এ ছাড়া ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যার প্রসঙ্গ তুলে ধরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সাইবার নিরাপত্তা আইন ব্যবহার করে ধর্মীয় সংখ্যালঘুদের হয়রানি করা হচ্ছে দাবি করে আইনটি বাতিলের বিষয়টিও বিবেচনার অনুরোধ করা হয়েছে।
তবে পিটিশনে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হওয়ার দাবির পক্ষে কোনো স্বতন্ত্র প্রমাণ তুলে ধরা হয়নি। আবেদনটি একটি অনলাইন গণস্বাক্ষর কর্মসূচি। এতে উত্থাপিত অভিযোগগুলো আবেদনকারীর বক্তব্য, আদালতের সিদ্ধান্ত নয়।

