বাংলাদেশে সরকারি দপ্তরে কোনো কাজের জন্য আবেদন করে দীর্ঘদিন অপেক্ষা করা সাধারণ নাগরিকের কাছে নতুন কিছু নয়। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়, নির্ধারিত ফি পরিশোধ করা হয়, এমনকি বারবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগও করা হয়। তবু সপ্তাহ পেরিয়ে মাস, কখনো বছর চলে যায়। আবেদনটি মঞ্জুর হয় না, আবার প্রত্যাখ্যানের কারণ জানিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তও দেওয়া হয় না। আমলাতান্ত্রিক জটিলতার ভেতর কোনো এক জায়গায় পড়ে থাকে আবেদনপত্রটি।
প্রশাসনের এমন উদাসীনতা বাংলাদেশের জনসেবা ব্যবস্থার দীর্ঘদিনের এক বড় সমস্যা। এটি শুধু ভোগান্তির কারণ নয়, একধরনের প্রশাসনিক অবিচারও। কারণ, কোনো সরকারি কর্তৃপক্ষ যখন সিদ্ধান্ত নিতে অযৌক্তিকভাবে গড়িমসি করে, তখন নাগরিকের অধিকার, সম্পত্তি, জীবিকা এবং আইনসম্মত প্রত্যাশা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।
দীর্ঘদিনের এই সমস্যার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছেন হাইকোর্ট। গত ৪ নভেম্বর দেওয়া এক রায়ে আদালত বলেছেন, নাগরিকের কাছ থেকে আবেদন পাওয়ার পর সরকারি কর্তৃপক্ষ তা অনির্দিষ্টকাল ঝুলিয়ে রাখতে পারে না। আবেদনটি নিয়ে যুক্তিসংগত সময়ের মধ্যে লিখিত সিদ্ধান্ত দিতে হবে এবং সেই সিদ্ধান্তের পক্ষে যথাযথ কারণও উল্লেখ করতে হবে।
মামলাটির সূত্রপাত অবশ্য খুব সাধারণ একটি প্রশাসনিক বিষয়কে কেন্দ্র করে। মো. শাহজাহান সরদারসহ দুজন ব্যক্তি তাঁদের নিজস্ব জমিতে থাকা একটি অব্যবহৃত পুকুর মাটি ও বালু দিয়ে ভরাটের অনুমতি চেয়ে ২০২৫ সালের ১৯ জানুয়ারি নাটোরের জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। কিন্তু দীর্ঘ সময় পার হলেও জেলা প্রশাসন আবেদনটি মঞ্জুর কিংবা প্রত্যাখ্যান করেনি। এমনকি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত বা ব্যাখ্যাও আবেদনকারীদের জানানো হয়নি।
প্রশাসনের কাছ থেকে কার্যকর কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টের দ্বারস্থ হন তাঁরা। প্রশাসনের দীর্ঘদিনের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন।
এই মামলায় হাইকোর্টের অবস্থান গুরুত্বপূর্ণ। তবে আদালতের গুরুত্ব শুধু আবেদনকারীদের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং আদালত আরও মৌলিক একটি প্রশ্নের উত্তর দিয়েছেন। কোনো নাগরিক আইন অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত সরকারি কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত চেয়ে আবেদন করলে কর্তৃপক্ষ কি কোনো ব্যাখ্যা ছাড়াই নীরব থাকতে পারে?
হাইকোর্টের উত্তর স্পষ্ট, পারে না।
আদালত পর্যবেক্ষণ করেছেন, কোনো নাগরিক সরকারি কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত চেয়ে আবেদন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব হলো যুক্তিসংগত সময়ের মধ্যে লিখিত আদেশের মাধ্যমে আবেদনটি নিষ্পত্তি করা। সিদ্ধান্তের পক্ষে যথাযথ কারণও উল্লেখ করতে হবে। কোনো ব্যাখ্যা না দিয়ে অনির্দিষ্টকাল আবেদন ঝুলিয়ে রাখা সুশাসন ও জবাবদিহিমূলক প্রশাসনের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
আদালত আরও বলেছেন, এ ধরনের নিষ্ক্রিয়তা নাগরিকের সময়মতো সিদ্ধান্ত পাওয়ার ন্যায্য প্রত্যাশাকে ক্ষতিগ্রস্ত করে।
এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রশাসনিক জবাবদিহি বলতে শুধু সরকারি কর্মকর্তারা যেন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত নিতে না পারেন, সেটুকু বোঝায় না। তাঁরা যেন দায়িত্ব এড়িয়ে সিদ্ধান্ত নেওয়া থেকেও বিরত থাকতে না পারেন, সেটিও নিশ্চিত করতে হয়। কোনো আবেদন প্রত্যাখ্যান করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি প্রচলিত আইনি প্রক্রিয়ায় সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বা প্রতিকার চাইতে পারেন। কিন্তু কর্তৃপক্ষ নীরব থাকলে নাগরিক অনিশ্চয়তায় আটকে যান। এমনকি কোথায় গেলে প্রতিকার পাওয়া যাবে, সেটিও অনেক সময় বুঝতে পারেন না।
অর্থাৎ প্রশাসনের নীরবতাও স্বেচ্ছাচারী ক্ষমতা প্রয়োগের একটি হাতিয়ার হয়ে উঠতে পারে।
হাইকোর্ট যথার্থভাবেই বুঝিয়েছেন, সরকারি কর্তৃপক্ষের কাছে সিদ্ধান্ত চাওয়ার অধিকার মানে শুধু আবেদন জমা দেওয়া কিংবা জমা দেওয়ার একটি স্বীকৃতি পাওয়া নয়। নাগরিকের অধিকার হলো, যুক্তিসংগত সময়ের মধ্যে আবেদন সম্পর্কে কারণসংবলিত সিদ্ধান্ত পাওয়া। তা না হলে পুরো প্রশাসনিক প্রক্রিয়া নাগরিককে কার্যত অসহায় করে তোলে।
বাংলাদেশের বাস্তবতায় এই রায়ের গুরুত্ব আরও বেশি। কারণ, সরকারি দপ্তরের দীর্ঘসূত্রতা ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান উভয়ের জন্যই বড় ধরনের আর্থিক ও সামাজিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জমিসংক্রান্ত আবেদন, ভবন নির্মাণের অনুমতি, ট্রেড লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, জমির নামজারি, বিদ্যুৎ ও অন্যান্য সেবা সংযোগসহ নানা প্রশাসনিক কাজে মানুষকে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। অনেক ক্ষেত্রে আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র ও আইনগত শর্ত পূরণ করা থাকলেও ফাইল এগিয়ে নিতে তাঁকে বারবার সরকারি দপ্তরে যেতে হয়।
একজন ক্ষুদ্র উদ্যোক্তার ট্রেড লাইসেন্স পেতে দেরি হলে ব্যবসার সুযোগ হাতছাড়া হতে পারে। জমির মালিক কোনো প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় থাকলে নিজের সম্পত্তি ব্যবহার বা উন্নয়ন করতে পারেন না। সাধারণ পরিবারের কোনো সনদ বা অনুমোদন পেতে দেরি হলে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও আর্থিক সিদ্ধান্তও বাধাগ্রস্ত হতে পারে।
এসব সমস্যা শুধু সময় নষ্ট করে না। এর ফলে আর্থিক ক্ষতি হয় এবং সামাজিক বৈষম্যও বাড়ে।
প্রশাসনিক দীর্ঘসূত্রতার আরেকটি উদ্বেগজনক দিক রয়েছে। যাঁদের আর্থিক সামর্থ্য, রাজনৈতিক যোগাযোগ কিংবা প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাঁরা অনেক সময় দ্রুত কাজ করিয়ে নিতে পারেন। অন্যদিকে, সাধারণ নাগরিক, বিশেষ করে যাঁদের এমন যোগাযোগ নেই, তাঁদের দিনের পর দিন অপেক্ষা করতে হয়। যখন সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছ নিয়মের পরিবর্তে ব্যক্তিগত প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তখন আইনের দৃষ্টিতে সমতার নীতিও দুর্বল হয়ে পড়ে।
তাই হাইকোর্টের এই রায়ের প্রভাব সংশ্লিষ্ট মামলার সীমানা ছাড়িয়ে আরও বিস্তৃত। রায়টি মনে করিয়ে দেয়, সরকারি দপ্তরের মূল দায়িত্ব নাগরিকদের সেবা দেওয়া। নাগরিকদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা কিংবা জবাবদিহির বাইরে থেকে ক্ষমতা প্রয়োগ করা নয়।
উল্লেখ্য, আদালত আবেদনকারীদের পুকুর ভরাটের অনুমতি দেওয়ার বিষয়ে সরাসরি কোনো সিদ্ধান্ত দেননি। প্রচলিত আইন মেনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জেলা প্রশাসকের ওপরই রেখেছেন। তবে রায়ের অনুলিপি পাওয়ার ৬০ দিনের মধ্যে আবেদনটি বিবেচনা করে কারণ উল্লেখসহ লিখিত আদেশ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আদালতের এই সংযমও গুরুত্বপূর্ণ। প্রশাসনিক কর্তৃপক্ষের পরিবর্তে আদালত নিজে সিদ্ধান্ত নেননি। বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন আইন অনুযায়ী নিজের দায়িত্ব পালন করে এবং স্বচ্ছতার সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত দেয়, তা নিশ্চিত করেছেন। প্রশাসনিক কার্যক্রমকে দুর্বল না করে বিচারিক তদারকির মাধ্যমে জবাবদিহি প্রতিষ্ঠার এটিই যথাযথ পদ্ধতি।
তবে আদালতের একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েই প্রশাসনিক সংস্কৃতির পরিবর্তন সম্ভব নয়। সরকারি সেবার মান উন্নয়নে বাংলাদেশে এর আগেও বিভিন্ন আদালতের নির্দেশনা ও নীতিগত উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সরকারি প্রতিশ্রুতি এবং সাধারণ মানুষের বাস্তব অভিজ্ঞতার মধ্যে এখনো বড় ব্যবধান রয়েছে।
এই রায়ের প্রকৃত সাফল্য নির্ভর করবে সরকারি দপ্তরগুলো এর মূল বক্তব্য কতটা গুরুত্বের সঙ্গে গ্রহণ করছে, তার ওপর। প্রশাসনকে বুঝতে হবে, আবেদনকারী প্রভাবশালী নন বলে তাঁর আবেদন কোনো গুরুত্বহীন কাগজ হয়ে যেতে পারে না। প্রতিটি আবেদন যথাযথভাবে বিবেচনা করা এবং সিদ্ধান্ত জানানো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
এই রায়ের মূলনীতি তথ্য অধিকার আইন, ২০০৯, নাগরিক সনদ বা সিটিজেন চার্টার এবং আইনের দৃষ্টিতে সমতার সাংবিধানিক অঙ্গীকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এসব আইন ও প্রশাসনিক ব্যবস্থার লক্ষ্য হলো স্বচ্ছ, দায়িত্বশীল এবং জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠা করা। কিন্তু বাস্তবে এসব নীতি ধারাবাহিকভাবে কার্যকর করার ঘাটতি এখনো রয়েছে।
অবশ্য প্রশাসনিক কর্তৃপক্ষের প্রতিটি আবেদন যাচাই করার প্রয়োজন রয়েছে। সব আবেদন মঞ্জুর করা সম্ভব নয়। পরিবেশগত বিধিনিষেধ, ভূমি ব্যবহারের নিয়ম কিংবা অন্য কোনো আইনি বাধা থাকলে কর্তৃপক্ষ অবশ্যই আবেদন প্রত্যাখ্যান করতে পারে। আলোচ্য মামলাতেও জেলা প্রশাসককে স্বাধীনভাবে যাচাই করতে হবে, পুকুরটি ভরাট করা প্রচলিত আইনে অনুমোদনযোগ্য কি না। জমির মালিকানা থাকলেই পরিবেশগত বা অন্যান্য আইনি বিধিনিষেধ উপেক্ষা করার অধিকার তৈরি হয় না।
কিন্তু এ কারণেই একটি যুক্তিসংগত ও কারণসংবলিত সিদ্ধান্ত প্রয়োজন। কোনো অনুমতি দেওয়া আইনসম্মত না হলে কর্তৃপক্ষকে তার কারণ জানাতে হবে। আরও তদন্তের প্রয়োজন হলে আবেদনকারীকে সেটিও অবহিত করতে হবে। কোনো ব্যাখ্যা ছাড়াই অনির্দিষ্টকাল নীরব থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জনবান্ধব প্রশাসন বলতে এমন কোনো ব্যবস্থাকে বোঝায় না, যেখানে প্রতিটি আবেদনই মঞ্জুর করা হবে। বরং এমন প্রশাসনই কাম্য, যেখানে নাগরিকের আবেদন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে, নিরপেক্ষভাবে যাচাই করা হবে, যুক্তিসংগত সময়ের মধ্যে সিদ্ধান্ত দেওয়া হবে এবং সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করা হবে।
হাইকোর্টের এই রায় সময়োপযোগীভাবে একটি মৌলিক গণতান্ত্রিক নীতি স্মরণ করিয়ে দিয়েছে। রাষ্ট্রের প্রশাসনিক কর্তৃপক্ষের কাছ থেকে নাগরিকের উত্তর পাওয়ার অধিকার রয়েছে। আবেদন গ্রহণ করে নীরব থাকা কোনো দায়িত্বশীল প্রশাসনের কাজ হতে পারে না।
এখন সরকারের দায়িত্ব হলো, আদালতের এই বক্তব্য যেন শুধু রায়ের পাতায় সীমাবদ্ধ না থাকে। বরং দেশের প্রতিটি সরকারি দপ্তরে নাগরিকের আবেদন নিষ্পত্তি, সিদ্ধান্ত জানানো এবং জবাবদিহি নিশ্চিত করার নিয়মিত চর্চায় পরিণত হয়।

