দেশে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সোমবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে মিছিল বের করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
মিছিলটি হাইকোর্ট মাজার গেট ও কদম ফোয়ারা এলাকা ঘুরে আবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। তিনি বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা সচেতন রয়েছেন। ফ্যাসিবাদবিরোধী যেকোনো কর্মসূচি পালনে তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ।
বদরুদ্দোজা বাদল আরও বলেন, কেউ আইনবহির্ভূত কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাঁকে আইন মেনে চলতে হবে। অন্যথায় আইন নিজস্ব গতিতে চলবে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলাম এবং প্রচার সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খানসহ সংগঠনের অন্য নেতারা।

