নিহত আলকাস মল্লিক বনদস্যু ছিলেন এবং তাঁর কথিত ক্রসফায়ারের ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলে দাবি করেছেন জিয়াউলের আইনজীবী সাহিদুর রহমান। তবে আইনজীবীর এ বক্তব্য অসত্য বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তদন্ত কর্মকর্তাকে জেরার সময় এসব দাবি করেন আইনজীবী। বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তার জেরা চলে। এ মামলায় ১৫তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন রফিকুল ইসলাম। মঙ্গলবার ছিল তাঁকে জেরার নবম দিন।
জেরার একপর্যায়ে র্যাবের বিভিন্ন অভিযান সম্পর্কে জানতে চান জিয়াউলের আইনজীবী। জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, অভিযানের আগে র্যাব-৮-এর সদস্যরা সাদা পোশাকে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি বাজারে গিয়ে সন্ধ্যার মধ্যে দোকান বন্ধ করতে বলতেন কি না, তা তদন্তে উঠে আসেনি। অভিযানে ব্যবহৃত ট্রলারগুলোও শনাক্ত করা সম্ভব হয়নি। কারণ, সেগুলো এখন আর নেই।
আলকাস মল্লিককে নিয়ে প্রশ্নের জবাবে তদন্ত কর্মকর্তা বলেন, তদন্তে জানা গেছে, র্যাবের এক সদস্য ফোন করে তাঁকে ডেকে নিয়েছিলেন। তবে ওই সদস্যের নাম ও পরিচয় শনাক্ত করতে পারেননি তিনি। আলকাসের ফোন নম্বর না পাওয়ায় তাঁকে ডেকে নেওয়া ব্যক্তিকে শনাক্ত করতে টেলিফোন অফিসের সহায়তাও নেননি।
তদন্ত কর্মকর্তা আরও জানান, আলকাসকে ডেকে নেওয়ার সময় পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে ছিলেন, তা তিনি জানতে পারেননি। এ বিষয়ে থানার সাধারণ ডায়েরি কে তদন্ত করেছেন, সেটিও তাঁর জানা নেই।
আলকাসের দুটি ট্রলারের নাম কী ছিল, তা-ও তদন্তে বের করতে পারেননি বলে জানান রফিকুল ইসলাম। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে তিনি পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরেও যাননি।
এ সময় জিয়াউলের আইনজীবী দাবি করেন, আলকাসকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়নি। তিনি রাজু বাহিনীর সদস্য ও বনদস্যু ছিলেন। তাঁর কথিত ক্রসফায়ারের ঘটনায় জিয়াউল আহসানের কোনো সংশ্লিষ্টতা ছিল না।
জবাবে তদন্ত কর্মকর্তা আইনজীবীর এসব দাবি অসত্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, র্যাব-৮-এর কোন সদস্যরা ট্রলার ঠিক করে চরদুয়ানি ঘাটে যেতেন, তা তদন্তে শনাক্ত করা যায়নি। মামলার ১৩তম সাক্ষীর বর্ণনা অনুযায়ী, অভিযানে অংশ নেওয়া র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের চার সদস্যকেও শনাক্ত করতে পারেননি তিনি। অন্যান্য অভিযানে অংশ নেওয়া ওই উইংয়ের সদস্যদের পরিচয়ও বের করা সম্ভব হয়নি।

