রপ্তানি খাতে সরকারের দেওয়া নগদ সহায়তা নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগে বৈষম্য দূর করার দাবিতে করা আবেদন নিষ্পত্তি করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে জারি করা নীতিমালা ও সার্কুলারের বৈধতা নিয়ে রুল দিয়েছেন আদালত।
সোমবার (৯ নভেম্বর) রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস প্রতিষ্ঠান হুদা হোসেন অ্যান্ড কোম্পানির পার্টনার মো. আমিনুল ইসলামের করা রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আমাতুল করিম, মো. মতিয়ার রহমান ও আবু হানিফা। আইনজীবী আমাতুল করিম আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
রিটকারী গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আবেদন করেছিলেন। এতে রপ্তানি খাতের নগদ সহায়তা নিরীক্ষার কাজে সব যোগ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (সিএ) প্রতিষ্ঠানকে সমান সুযোগ দেওয়ার পাশাপাশি নিরীক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়। ওই আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন।
আবেদনে যেসব বৈষম্যের অভিযোগ
আবেদনে বলা হয়েছে, সরকার ৪৩টি রপ্তানি পণ্যের বিপরীতে রপ্তানিকারকদের নগদ সহায়তা দেয়। রাজস্ব বাজেট থেকে দেওয়া এ অর্থ রপ্তানি সম্পন্ন এবং রপ্তানি বিল আদায়ের পর নিরীক্ষকের সনদের ভিত্তিতে ছাড় করা হয়। নিরীক্ষকের ফি রপ্তানিকারক প্রতিষ্ঠানই পরিশোধ করে। এ প্রক্রিয়ায় কোনো তফসিলি ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের আর্থিক ব্যয় নেই বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারীর অভিযোগ, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের বিভিন্ন সার্কুলারে নিরীক্ষক নিয়োগের ক্ষেত্রে এমন কিছু শর্ত দেওয়া হয়েছে, যা যোগ্য সিএ প্রতিষ্ঠানগুলোর মধ্যে বৈষম্য তৈরি করছে। এতে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) নিবন্ধিত সব যোগ্য প্রতিষ্ঠান নিরীক্ষার কাজ পাওয়ার সুযোগ পাচ্ছে না।
শর্তগুলোর মধ্যে রয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নেওয়া, একই নিরীক্ষক প্রতিষ্ঠান দিয়ে ব্যাংকের আর্থিক হিসাব ও রপ্তানি প্রণোদনার নিরীক্ষা করানো, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া এবং নিরীক্ষক প্রতিষ্ঠানের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া।
আবেদনকারীর দাবি, এসব শর্তের কারণে যোগ্য অনেক প্রতিষ্ঠান প্রতিযোগিতার সমান সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এতে নিরীক্ষক নিয়োগের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
এ কারণে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে নিরীক্ষার সনদপ্রাপ্ত এবং এফআরসিতে নিবন্ধিত সব যোগ্য সিএ প্রতিষ্ঠানকে নগদ সহায়তা নিরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানানো হয়েছে।
হাইকোর্টের আদেশে গভর্নরের কাছে করা আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। তবে নীতিমালা ও সার্কুলারের বৈধতা নিয়ে জারি করা রুলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেগুলো অবৈধ ঘোষিত হয়নি।

