নির্বাচনী হলফনামায় সম্পদের তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের পদ বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
সোমবার (৯ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদ রাজি ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হান্নান মাসউদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের বলেন, আদালত রিট আবেদনটি ‘নট প্রেসড অ্যাজ বিইং রিজেক্টেড’ হিসেবে খারিজ করেছেন। তাঁর ভাষ্য, হলফনামায় সম্পদের বিবরণে তথ্যের গরমিলের বিষয়টি তথ্যগত প্রশ্ন। এ ধরনের বিষয় রিটের মাধ্যমে নিষ্পত্তি করা যায় না বলে আদালত পর্যবেক্ষণ দিয়েছেন।
আইনজীবী আরও বলেন, এ ধরনের অভিযোগ নিষ্পত্তির জন্য নির্ধারিত কর্তৃপক্ষ রয়েছে। কিন্তু রিট আবেদনকারীরা সেই কর্তৃপক্ষের কাছে যাননি। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত আবেদনটি খারিজ করেছেন।
হাতিয়া উপজেলার বাসিন্দা ও নোয়াখালী-৬ আসনের ভোটার নাজমুল হোসেন গত ১৯ আগস্ট রিটটি করেন। আবেদনে আসনটি শূন্য ঘোষণা, হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল এবং তাঁর বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছিল।
পাশাপাশি নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া আবেদনগুলো নিষ্পত্তির নির্দেশনা চেয়ে রুল জারির আবেদনও করেন রিটকারী।
সম্পাদনা নোট: রিট খারিজের অর্থ হান্নান মাসউদের বিরুদ্ধে আনা অভিযোগ আদালত মিথ্যা প্রমাণ করেছেন, এমন নয়। আদালতের আদেশ ও আইনজীবীর ব্যাখ্যা অনুযায়ী, আবেদনটি যে প্রক্রিয়ায় করা হয়েছিল, তা খারিজ হয়েছে।

