ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে কাউসার মিয়া নামে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ১-এ এ ঘটনা ঘটে। সাক্ষ্যগ্রহণ শেষে তাঁকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতির সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।
আদালতের প্রসিকিউশন বিভাগের পরিদর্শক মোহসীন হোসেন জানান, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আসামি কাঠগড়ায় থাকা অবস্থায় হাতকড়া খুলে পালিয়ে যান।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, দক্ষিণখান থানার একটি হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য কাউসারকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। শুনানির দিন কোনো সাক্ষী হাজির না হওয়ায় আদালত পরবর্তী তারিখ নির্ধারণ করেন। এরপর তাঁকে এজলাস থেকে হাজতখানায় ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় তিনি পালিয়ে যান।
কাউসারকে আদালতের হাজতখানা থেকে এজলাসে আনা ও ফিরিয়ে নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত। তিনি জানান, আসামি কাঠগড়ায় হাতকড়া পরা অবস্থায় ছিলেন। তাঁর কাস্টডি নিতে আদালতের সামনে যাওয়ার সুযোগে কাউসার হাতকড়া খুলে পালিয়ে যান।
মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর দক্ষিণখানের দক্ষিণপাড়া এলাকায় ১৭ বছর বয়সী কিশোরী আলোকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বাড়ির বাথরুমে এ ঘটনা ঘটে। পরদিন আলোর বাবা রবিউল ইসলাম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে দক্ষিণখান থানায় হত্যা মামলা করেন।
তদন্তের অংশ হিসেবে পুলিশ ঘটনার দিনই টঙ্গী এলাকা থেকে কাউসারকে গ্রেপ্তার করে। পরদিন তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে কাউসার জানান, প্রায় এক বছর ধরে আলোর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার আগে আলো তাঁর সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলছিলেন এবং অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে তিনি জানতে পারেন।
জবানবন্দিতে কাউসার আরও বলেন, ২০২০ সালের ২০ জুলাই রাত ৯টার দিকে আলো বাড়ির বাথরুমে গেলে তিনি তাঁর সঙ্গে কথা বলতে চান। আলো রাজি না হওয়ায় তাঁকে ছুরি দিয়ে বুকে ও পিঠে আঘাত করেন।
তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন দক্ষিণখান থানার উপপরিদর্শক সুজন চন্দ্র কর্মকার কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ২০ জুলাই তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। এ পর্যন্ত আলোর বাবা রবিউল ইসলাম ও বড় বোন রাব্বিনা আক্তার আদালতে সাক্ষ্য দিয়েছেন। গ্রেপ্তারের পর থেকে কাউসার কারাগারে ছিলেন।

